ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড আক্রান্ত পাঁচ নারীর তৈরি পোশাক নিয়ে শনিবার রাজধানীর এসিড সারভাইভরস ফাউন্ডেশনে এক প্রদর্শনী শুরু হয়েছে।
অস্ট্রেলিয়ান স্মল স্কিম হিউম্যান রাইটস গ্র্যান্ড ফান্ডের উদ্যোগে বাংলাদেশের এসিড আক্রান্ত পাঁচজনকে পোশাক তৈরির ওপর প্রশিক্ষণ দেয়া হয়। তাদের তৈরি করা পোশাক নিয়েই এ আয়োজন।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জাসটিন লি প্রদর্শনীর উদ্বোধন করে বলেন, "প্রশিক্ষনার্থীদের এই পোশাক বেশ মানসম্পন্ন।"
আরও প্রশিক্ষণের মাধ্যমে তারা এ উদ্যোগকে সামনে এগিয়ে নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আগামী সোমবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসিড সারভাইভরস প্রতিনিধি তাসলিমা আক্তার।
তিনি বলেন, "এ কাজ থেকে আমি যা আয় করি, তা দিয়ে আমার ছেলের লেখাপড়া চলে। তবে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে এটা যথেষ্ট নয়।"
তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে একটি পোশাক কিনে এসিড সন্ত্রাসের শিকার নারী-পুরুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রকল্পের ডিজাইনার শায়লা আক্তার লুনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পাঁচজন এসিড আক্রান্তকে আমাদের প্রকল্পের মাধ্যমে তিন মাসের প্রশিক্ষণ দিয়েছি। তারা স্বল্প সময়ের প্রশিক্ষণে খুব ভাল করেছে।"
তিনি আরও বলেন, "আশা করি, আগামীতে এ তৈরি পোশাক আমরা নিজেদের প্রতিষ্ঠানে বিক্রি করবো।"
এসিড সারভাইভরস ফাউন্ডেশনের চেয়ারপারসন পারভীন মাহমুদ বলেন, "মিডিয়ার মাধ্যমে এ প্রদর্শনী অনেক বেশি প্রচার পেতে পারে। এতে উদ্যমী নারীরা তাদের স্বপ্নের দরজায় পৌঁছাতে পারবে।"
তিনি আরও বলেন, "আমরা তাদের বেঁচে থাকার জন্য শিক্ষা, কর্মসংস্থান ও স্বল্প আয়ের ব্যবস্থা করছি। এটা দিয়ে তারা যেন তাদের জীবন চালাতে পারে।"
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান এসিড আক্রান্তদের এ ধরনের আরও প্রশিক্ষণের সুযোগ দেওয়ার আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/এসএইচ/২০৫৯ ঘ.
bdnews24