২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডি থেকে সয়াবিন তেল ভর্তি ট্রাক ছিনতাই

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক থেকে শুক্রবার ভোরে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ছিনতাই হয়েছে। মিরপুর সড়কের রাপা প্লাজার সামনে ৭/৮ জন দুস্কৃতিকারী অস্ত্রের মুখে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে চালক ও তার সহকারীকে বিমানবন্দর সড়কের কাকলী এলাকায় নামিয়ে দিয়ে ট্রাকটি নিয়ে তারা পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক থেকে শুক্রবার ভোরে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ছিনতাই হয়েছে। মিরপুর সড়কের রাপা প্লাজার সামনে ৭/৮ জন দুস্কৃতিকারী অস্ত্রের মুখে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে চালক ও তার সহকারীকে বিমানবন্দর সড়কের কাকলী এলাকায় নামিয়ে দিয়ে ট্রাকটি নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার সাত ঘন্টা পর ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ছিনতাই হওয়া তেলের ৪৬টি ড্রাম নিউমার্কেট কাঁচাবাজার লাগোয়া সিঁড়ির নিচ থেকে উদ্ধার করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে তেল নিয়ে ট্রাকটি (যশোর ট-১১-০২২৪) চুয়াডাঙ্গার জীবননগরে যাচ্ছিলো। ট্রাকটিতে ১৮৫ কেজি করে মোট ৬০ টি সয়াবিন তেলের ড্রাম ছিল।" নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, "সকাল ১১টার দিকে ছিনতাই হওয়া ওই তেলের ৪৬টি ড্রাম নিউমার্কেটের এক ব্যবসায়ীর ছেলে মিন্টুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে।" তিনি জানান, মিন্টু ট্রাক থেকে তেল নামাতে থাকলে লোকজনের সন্দেহ হয়। তারা খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তা ছিনতাই হওয়া তেল বলে শনাক্ত করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিন্টু পালিয়ে যায়। শাহ আলম আরও বলেন, "মিন্টুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একটি সংঘবদ্ধ চক্র এই ছিনতাইয়ের পেছনে রয়েছে বলে আমরা ধারণা করছি। ট্রাকটি উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।" রাতে এ ঘটনায় ট্রাকের মালিক মোস্তফা জামান নাসিম বাদী হয়ে একটি ছিনতাই মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এএনএস/এসএইচ/১৯২০ ঘ.