চাঁদপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে শুক্রবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ফজল হক (৪০), জাকির হোসেন (২৫), বিল্লাল (৩০), শরবত আলী (৪৫), চারু মিয়া (৪২), নূরুন্নবী (২৫) ও মুসাকে (২০) কচুয়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম জানান, বিতারা গ্রামের প্রবাসী সাদেক হোসেনের স্ত্রী রোজিনা আক্তার স্বামীর অবর্তমানে পাশের এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। রোজিনা পাশের খলগাঁও গ্রামের জাহাঙ্গীরের মেয়ে। এ কারণে দুই পরিবারের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য শুক্রবার দুপুরে বিতারা গ্রামে দুই গ্রামের লোকজন একটি সালিশ বৈঠকে বসে। বৈঠকে দু'পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় তারা লাঠিসোটা ব্যবহার করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আটক বা থানায় কোনো মামলা হয়নি বলে এএসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24