পাবনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার চাটমোহর উপজেলায় শুক্রবার বিকেলে পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধের পর পুলিশ গুলিবিদ্ধ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
প্রায় একই সময় জেলার আতাইকুলা উপজেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ তিনটি বোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এর আগে আটক করা হয় আরেকজনকে।
পুলিশ বলেছে, চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল জনযুদ্ধ) ক্যাডারদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে। আটক করা সবাই এ গ্র"পটির নেতা ও ক্যাডার।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এম-এল জনযুদ্ধ) ক্যাডাররা চাটমোহর উপজেলার ঈদিলপুর বাজারে গোপন বৈঠক করছে- এ খবর পেয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে চাটমোহর ও আটঘরিয়া থানার একদল পুলিশ বিকেল ৪টার দিকে সেখানে অভিযান চালায়।
জনযুদ্ধের ক্যাডারা পুলিশকে লক্ষ্য করে ৩/৪ টি বোমা নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট দুপক্ষের মধ্যে ৪০/৫০ রাউন্ড গোলাগুলি হয়।
এসপি জানান, বন্দুকযুদ্ধে জনযুদ্ধের ছয় ক্যাডার গুলিবিদ্ধ হন। পুলিশ জনযুদ্ধের আঞ্চলিক নেতা উপজেলার হাদল গ্রামের রেফাত ওরফে রেকাত (২৫), আটঘরিয়া উপজেলার নিয়ামতপুর গ্রামের হারুন (২৭) ও রুহুল আমিনকে (২৫) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অপর তিনজনসহ অন্যরা পালিয়ে যায়।
ওসি সৈয়দ শহীদ আশরাফ জানান, গ্রেপ্তার করা তিনজন জনযুদ্ধের মোয়াজ্জেম -গাফফার বাহিনীর ক্যাডার। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হয়েছে।
এসপি নিবাস চন্দ্র মাঝি জানান, অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদেরকে এক হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।
তিনি জানান, বিকেল ৪টার দিকে আতাইকুলা উপজেলা সদরে পুলিশের উপর বোমা হামলা চালায় জনযুদ্ধের ক্যাডাররা। তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় পুলিশ তিনটি বোমাসহ জাহাঙ্গীর (২৫) ও শাহীন (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করে। সকালে আতাইকুলা উপজেলা থেকে লুৎফর নামে একই গ্র"পের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24