২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিত

চিকিৎসায় অবহেলার কারণে রোগী মারা যাওয়ার অভিযোগে রোগীর স্বজনদের হাতে বান্দরবান সদর হাসপাতালে বুধবার রাতে দুই চিকিৎসকসহ চারজন লাঞ্ছিত হয়েছেন। এ সময় তারা হাসাপাতালে ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 05:35 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

বান্দরবান, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলার কারণে রোগী মারা যাওয়ার অভিযোগে রোগীর স্বজনদের হাতে বান্দরবান সদর হাসপাতালে বুধবার রাতে দুই চিকিৎসকসহ চারজন লাঞ্ছিত হয়েছেন। এ সময় তারা হাসাপাতালে ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. উইলিয়াম লুসাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ১০টার দিকে জেলা শহরের আর্মিপাড়ার আবদুল জলিলের স্ত্রী রুবিনা আক্তার (৩০) হাঁপানী ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৮ নম্বর বেডে ভর্তি হন। রাত ১১টার দিকে তিনি মারা যান। উইলিয়াম লুসাই বলেন, "এ ঘটনার পরপরই রোগীর আত্মীয়-স্বজনসহ ৪০/৫০ জন লোক হাসপাতালের ওই ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করে। "এ সময় তারা ডা. লোকেশ চন্দ্র দাশ ও সুমন সরকার, নার্স সুমিত্রা ত্রিপুরা এবং আয়া হ্লামের্চি মারমাকে লাঞ্ছিত করে। এ ছাড়া ছয়টি মোবাইল, হাসপাতালের স্টেথিসকোপ, টর্চলাইট লুট করে।" পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা করা হয়নি বলেও আরএমও জানিয়েছেন। ডা. লোকেশ চন্দ্র দাশ বলেন, রোগী মারা যাওয়ার খবরে তার আত্মীয়-স্বজন উত্তেজিত হয়ে তাকেসহ অন্য সহকর্মীদের নাজেহাল করে। এদিকে মারা যাওয়া রুবিনার স্বামী আবদুল জলিল ও বোন শাহনাজ বেগম অভিযোগ করেন, গুরুতর অসুস্থ রুবিনাকে বুধবার হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার ও নার্স একবার দেখে যাওয়ার পর আর দেখেনি। রাত ১০টার পর রুবিনাকে স্যালাইন দেওয়া হয়। এরপর সেখানে আর কেউ যায়নি। রাত ১১টার দিকে রুবিনা মারা যায়। চিকিৎসককে লাঞ্ছিত করার ব্যাপারে কিছু না বললেও ভাঙচুর আর লুটপাট করার কথা তারা অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.