২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস কমিটির মিছিলে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল-সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল-সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচিতে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লকে বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রোবাংলার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্তত ২৩ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্যান্য নেতাকর্মী ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে মানবন্ধন ও মিছিল-সমাবেশ করেছে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অমর একুশের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন শেষে তারা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি নতুন পরিবহন এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।। সমাবেশে বক্তারা সাগরে তেল-গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস ও আইরিশ কোম্পানি তাল্লোর সঙ্গে চুক্তি না করার দাবি জানান। এছাড়া আনু মুহাম্মদসহ অন্যদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার ও গ্রেপ্তার দাবি জানান তারা। হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে আগামী শনিবার সকাল ১১ টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করারও ঘোষণা দেন তারা। সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাসির উদ্দিন প্রিন্স, সাধারণ সম্পাদক একেএম জোবায়ের হোসেন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মৃণাল সেন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আলম সেলিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক আমীন মুহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, সহকারী অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ ফেরদৌস, মির্জা তাসলিমা সুলতানা ও সহকারী অধ্যাপক নাসরিন খন্দকার প্রমুখ অংশ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। দুপুর ১২টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফন্টের জবি শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী কলা ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করে। সমাবেশে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনার বিচার দাবি করেন ফ্রন্ট নেতারা। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিকেলে সুনামগঞ্জে মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। পৌরবিপণির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা সুনামগঞ্জ কমিটির সচিব এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিৎ আচার্য, জেলা ছাত্র ইউনিয়ন নেতা বিদ্যুৎ চৌধুরী, হিতাংশু তালুকদার, নরেন ভট্টাচার্য, আবু তাহের, রুহুল হুদা কনক, সাহাদাৎ হোসেন, শাহ জালাল সুমন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০৫৬ ঘ.