সাতক্ষীরা/খুলনা সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে মাছ ধরার সময় বুধবার বাঘের আক্রমণে এক নারীসহ দুজন মারা গেছেন।
এরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাঙ গ্রামের মঙ্গলের স্ত্রী বিনোদিনী (৩০) এবং খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের আব্দুল মান্নান সরদার (৩৭)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাঈম জানান, বুধবার সকালে বিনোদিনী ও তার স্বামী সুন্দরবনের মীরগাঙ নদীতে মাছের রেনু ধরছিলেন। দুপুরে একটি বাঘ বিনোদিনীকে আক্রমণ করে এবং বনের ভেতর নিয়ে যায়।
মঙ্গল লোকালয়ে ফিরে ঘটনাটি জানালে গ্রামবাসীদের সহায়তায় বনবিভাগের কর্মীরা বিকেলে বনের ভেতর থেকে বিনোদিনীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
খুলনা: বুধবার রাতে সুন্দরবনের একটি খালে মাছ ধরার সময় বাঘের আক্রমণে মারা যান আব্দুল মান্নান সরদার। পরে বন বিভাগ স্থানীয় জেলেদের মাধ্যমে তার লাশ উদ্ধার করে।
খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অবনী ভূষণ ঠাকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবনের হাফদাবড়া নামক একটি খালে মান্নান ও তার ছেলে আল আমিন সরদার মাছ ধরছিলেন। এ সময় একটি বাঘ পিছন থেকে মান্নান সরদারকে আক্রমণ করে। আল আমিন পালিয়ে রক্ষা পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24