কামরান রেজা চৌধুরী ও প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনটেইনার ওঠা-নামার কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তদন্ত করে সাবেক উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে প্রয়োজনীয় কাগজ-পত্র পাঠিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
বুধবার রাতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবারই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটির তদন্ত রির্পোট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ-পত্র মন্ত্রণালয় থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।"
দুদক চেয়ারম্যান গোলাম রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মন্ত্রণালয় থেকে পাঠানো কাগজ-পত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, "এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় দুদকে তাদের অনুসন্ধানের রিপোর্ট পাঠিয়েছে।
"অভিযোগের সত্যতা আছে কি না- এ বিষয়ে আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ৩০ আগস্ট এক সভায় সর্বসম্মতিক্রমে মতিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়মের অভিযোগ সংক্রান্ত তদন্ত রিপোর্টটি অনুমোদন করে।
ওই সভায় সুপারিশ করা হয়, এ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দুদকে পাঠানো হবে।
ওই দিন শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এম এ মতিনের বিরুদ্ধে মামলার করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। সম্ভব হলে দু'একদিনের মধ্যেই তা পাঠানো হবে।"
গত ২৭ মে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কনটেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্ত করতে আওয়ামী লীগের সাংসদ শাহ আলমকে আহ্বায়ক করে চার সদস্যের একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করে ।
মতিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপদেষ্টা হিসেবে শেষ কর্মদিবসে (৬ জানুয়ারী, ২০০৯) এক রাতের মধ্যে এছাক ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে কনটেইনার ওঠা-নামার কাজ দেন।
সংসদীয় তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মতিন তার ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দরের টেন্ডার কমিটির সভা না করেই এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার জন্য সরাসরি প্রভাব খাটান। ৬ জানুয়ারী সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে কার্যাদেশ সংক্রান্ত ফাইল বিমানে করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। এরপর উপদেষ্টা ওই দিনই ফাইলে স্বাক্ষর করে আবার তা বিমানে করে চট্টগ্রাম পাঠিয়ে দেন।
ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়, ৬ জানুয়ারী রাতে যখন বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রীসভা শপথ নিচ্ছিলো, তখনই এছাক ব্রাদার্সকে কার্যাদেশ দিয়ে দেওয়া হয়।
সাবেক নৌসচিব সংসদীয় তদন্ত কমিটির কাছে লিখিতভাবে স্বীকার করেন, উপদেষ্টা মতিন তাকে চাপ দিয়ে ওই কার্যাদেশ দিতে বাধ্য করেন। যিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ফাইলটি তৈরি করেন, তিনিও তদন্ত কমিটির কাছে বলেছিলেন, তৎকালীন নৌসচিব এই কাজের ফাইল তৈরি করতে তাকে শারীরিকভাবে ছাড়া সব রকমের নির্যাতন করেছেন।
স্থায়ী কমিটি তাদের রিপোর্টে মতিনসহ নয়জনকে এই কাজে 'অনিয়মের' জন্য শনাক্ত করে।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী মতিনসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
তবে সাবেক উপদেষ্টা মতিন তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
সংসদীয় তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন, আওয়ামী লীগের সাংসদ শামসুল হক চৌধুরী ও নজরুল ইসলাম বাবু ও বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিসি/এসএইচ/২২০০ ঘ.
bdnews24