নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় বুধবার দুপুরে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ও নরসিংদীর দমকলের পাঁচটি স্টেশনের কর্মীরা দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন খান জানান, দুপুর আড়াইটার দিকে ইউনাইটেড মেলামাইন অ্যান্ড স্পিনিং মিলের তুলার গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। গুদামে রাখা তুলা ও উৎপাদিত কাপড় পুড়ে যায় বলেও তিনি জানান।
ক্ষয়ক্ষতি ১৫ লাখ টাকার বেশি হবে না বলে পুলিশ কর্মকর্তা জানান।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান দাবি করেন, আগুনে বিপুল পরিমাণ তুলা, উৎপাদিত কাপড়, যন্ত্রপাতি ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.
bdnews24