২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগ-আ'লীগ সংঘর্ষে পাঁচজন আহত

বরিশালের হিজলা উপজেলা শহরে ঠিকাদারী কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে বুধবার দুপুরে আওয়ামী লীগের এক নেতা ও ছাত্রলীগের এক অংশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

বরিশাল, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলা শহরে ঠিকাদারী কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে বুধবার দুপুরে আওয়ামী লীগের এক নেতা ও ছাত্রলীগের এক অংশের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলা চত্তরে প্রায় ৩০ মিনিট ধরে চলা এ সংঘাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান সরদার, হিজলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেলসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়। সোলায়মান ও রাসেলকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর তিনজন হলেন- ঠিকাদার ও বড় জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকান্দার ব্যাপারী ও তার দুই সহযোগী। এদের একজন দুলাল হাওলাদার। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। আহত এ তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে ঘটনায় জড়িতরা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও পক্ষই সংঘাতের কথা স্বীকার করে নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ তদরকির জন্য আওয়ামী লীগ নেতা সেকান্দার ১২টার দিকে উপজেলা চত্তরে আসলে ছাত্রলীগ নেতা সোলায়মানে সঙ্গে তার বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ঠিকাদারের শ্রমিকরা সোলায়মান ও তার সহযোগী রাসেলকে পিটুনি দেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে অন্যদের খবর দিলে ছাত্রলীগের একটি অংশের সঙ্গে সেকান্দারের নেতৃত্বে শ্রমিকরা সংঘর্ষের জড়িয়ে পড়ে। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে সেকান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাজ শুরুর পর থেকেই সোলায়মান চাঁদা চাচ্ছিল। দুপুরে সোলায়মানের নেত্বত্বে ছাত্রলীগের একটি গ্র"প কাজ বন্ধ করতে বললে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।" চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে সোলায়মান বলেন, "আমরা ছাত্রলীগের কয়েকজন নেতা মটরসাইকেলে উপজেলা চত্বরে ঢোকার সময় উন্নয়নমূলক কাজের কিছু অংশ নষ্ট হয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।" হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে কথা কাটাকাটির খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে তারা সমঝোতা বৈঠকে বসে।" বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬৫৩ ঘ.