২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার প্লট: শর্ত লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

চারদলীয় জোট সরকার আমলে কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল ও মোটেল প্লট বরাদ্দ নিয়ে শর্ত লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। শিগগিরই এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকার আমলে কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল ও মোটেল প্লট বরাদ্দ নিয়ে শর্ত লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। শিগগিরই এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল ও মোটেল প্লট বরাদ্দ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার পর মন্ত্রী রেজাউল করিম হীরা সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী জানান, কক্সবাজার পর্যটন এলাকায় জোট সরকারের সময় মোট ৮৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সর্বোচ্চ সাড়ে চার একর থেকে সর্বনিম্ন ৪৪ শতাংশ আয়তনের এসব প্লট বরাদ্দ দেওয়া হয় হোটেল ও মোটেল গড়ে তোলার জন্য। কিন্তু বরাদ্দ পাওয়ার পাঁচ বছরের মধ্যে এসব প্লটের অধিকাংশেই কোন কাজ শুরু হয়নি। রেজাউল করিম হীরা জানান, সরকারিভাবে নীতিমালা সংশোধনের সুযোগ নিয়ে ৮৭টি প্লটের মধ্যে অনেক প্লটগ্রহীতা ২৫ শতাংশ মূল্য সেলামী দিয়ে প্লট হস্তান্তরও করেছেন। এরপরও পাঁচ বছরে মাত্র ২৮টি প্লট ব্যবহার করা হয়েছে। বাকি ৫৯টি প্লটই এখনো খালি পড়ে রয়েছে। সরকারের এ বরাদ্দের উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, এ অবস্থায় সরকার এসব শর্ত লংঘনকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি ধরণের আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "চুক্তির ১১ ধারা অনুযায়ী তাদের বরাদ্দ বাতিলের সুযোগ রয়েছে। সরকার চুক্তির সকল শর্ত বিবেচনা করেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।" প্লট বরাদ্দের ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বরাদ্দের ক্ষেত্রে কোন অনিয়ম খুঁজে পায়নি এ সংক্রান্ত সংসদীয় কমিটি এবং আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি। তবে বরাদ্দ পাওয়ার পর চুক্তির শর্ত লংঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদও সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবে। প্লটের বরাদ্দ বাতিল হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা চুক্তির শর্ত মেনেছে তাদের বরাদ্দ বাতিলের কোন সুযোগ নেই। এমনকি সরকারি নীতিমালা সংশোধনের সুযোগে যারা প্লট হস্তান্তর করেছেন তাদের বরাদ্দও বাতিলের সুযোগ নেই। এর আগে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় মন্ত্রী রেজাউল করিম হীরা ও ডিসি গিয়াসউদ্দিন আহমেদ ছাড়া উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিমান সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ভূমি সচিব এহসান উল ফাত্তাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২৫৬ঘ.