চাঁদপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়ি থেকে ভিজিডি (ভালনার্যাবল গ্র"প ডেভেলপমেন্ট) কর্মসূচির নয় বস্তা গম উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ এসব গম উদ্ধার করে।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারীকে থানায় নিয়ে যাওয়া যায়। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা না বলে সেখান থেকে সটকে পড়েন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার রাত আটটার দিকে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারীর বাড়িতে অভিযান চালানো হয়।"
তিনি জানান, উদ্ধার করা গমগুলো রাতেই পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়। চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হলেও তিনি এ বিষয়ে পরে কথা বলার অঙ্গীকার করে চলে যান। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি থানায় উপস্থিত হয়ে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওগাতুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়।"
তিনি জানান, গমগুলো কি জন্য তিনি তার বাড়িতে রেখেছেন তা তদন্ত করে দেখার জন্য উপজেলা ত্রাণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র শীলকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৫ ঘ.
bdnews24