বান্দরবান, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া গ্রাম থেকে সোমবার রাতে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
লামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপসী পাড়া এলাকায় সোমবার রাত আটটার দিকে ঘোরাফেরা করার সময় সন্দেহ হওয়ায় সেনাবাহিনীর একটি টহল দল তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদের আটককৃত ব্যক্তি জানিয়েছেন- তার নাম রমেশ (৩০)। তার বাড়ি ভারতের ভারতের মধ্যপ্রদেশের ইন্দু জেলার গৌতম পূড়ার পালং এলাকায়। তবে তিনি বাংলাদেশে আসার বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি।
ওসি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে লামা থানা পুলিশ বাদী হয়ে মঙ্গলবার তার বিরুদ্ধে একটি মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে বান্দরবান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬০৫ ঘ.
bdnews24