২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বিনামূল্যে দেবে সরকার

আগামী সেচ মৌসুমের আগেই গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির মধ্যে আড়াই কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বিনামূল্যে বিতরণ করবে সরকার। এর ফলে যে বিদ্যুৎ সাশ্রয় হবে, তা সেচ মৌসুমে কাজে লাগানোর পরিকল্পনা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সেচ মৌসুমের আগেই গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির মধ্যে আড়াই কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বিনামূল্যে বিতরণ করবে সরকার। এর ফলে যে বিদ্যুৎ সাশ্রয় হবে, তা সেচ মৌসুমে কাজে লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় ৩ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে ২ কোটি ৬৫ লাখ বিদ্যুৎ সাশ্রয়ী বাতি কেনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. এনামুল হক। মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "এ বাতি ব্যবহারে গ্রামীণ এলাকায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। যা সেচ মৌসুমে কৃষিকাজে ব্যবহারের কাজে লাগানো যাবে।" এনামুল জানান, প্রথম পর্যায়ে ১ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে ১ কোটি ৫ লাখ বাতি আমদানির দরপত্র ইতোমধ্যে ডাকা হয়েছে। এগুলো ফেব্র"য়ারি-মার্চে সেচ মৌসুমের আগেই বিতরণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২ কোটি ৩০ লাখ ডলার ব্যয়ে ১ কোটি ৬০ লাখ বাতি আমদানির বিষয়ে দরপত্র আহ্বান করা হবে। প্রতিমন্ত্রী জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)সহ বিদ্যুৎ বিভাগের অধীনস্থ সংস্থাগুলোর মাধ্যমে বাতি বিতরণ করা হবে। তিনি বলেন, "যে পরিবারে ন্যূনমত দুটি বাতি ব্যবহার হয়, তাদের সর্বশেষ বিদ্যুৎ বিল এবং দুটি সচল বাতি জমা দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি সংগ্রহ করতে হবে।" প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, "বিশ্বে বাংলাদেশই প্রথম বিনামূল্যে এই বাতি সরবরাহের কর্মসূচি হাতে নিয়েছে।" সভায় বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫২০ ঘ.