২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাংচুর

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোমবার রাতে রংপুরের পাগলাপীরে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় ভাংচুর করেছে কয়েকশ গ্রাহক। ইফতার এবং তারাবির নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ না থাকায় তারা এ ঘটনা ঘটায়। ভাংচুরের অভিযোগে মঙ্গলবার সকালে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 08:04 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

রংপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোমবার রাতে রংপুরের পাগলাপীরে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় ভাংচুর করেছে কয়েকশ গ্রাহক। ইফতার এবং তারাবির নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ না থাকায় তারা এ ঘটনা ঘটায়। ভাংচুরের অভিযোগে মঙ্গলবার সকালে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত রাতে শত শত মানুষ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। তারা কাঁটাতারের বেড়া কেটে ভেতরে ঢুকে অফিসের দরজা জানালার কাচ ও মালামাল ভাংচুর করে।" রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত বিক্ষোভ-ভাংচুর হয়। তোফাজ্জল বলেন, "ওই সময় বিদ্যুৎ কার্যালয়ের ভেতরে স্টাফ কোয়ার্টারে আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হলেও তারা এক ঘণ্টা পর আসে।" বিদ্যুৎ সঙ্কটের বিষয়ে তিনি জানান, চাহিদার তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ পাওয়ায় নিরবচ্ছিন্ন সরবরাহ সম্ভবপর হচ্ছে না। রংপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর অধীনে রংপুর সদর উপজেলার কিছু অংশ, গঙ্গাচড়া, তারাগঞ্জ ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ কর্মকর্তারা বলেন, এখানে বিদ্যুতের মোট চাহিদা ৯ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে আড়াই থেকে ৩ মেগাওয়াট। ফলে বার বার লোডশেডিং করতে হচ্ছে। সোমবার রাত ৯টা ৫ মিনিট থেকে রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো বলে তোফাজ্জল জানান। কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম জানান, খবর পাওয়ার পরে দ্রুত পুলিশ ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দেরিতে পৌঁছার অভিযোগ নাকচ করেন তিনি। ওই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক আবু হাসান বাদি হয়ে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২০ ঘ.