ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক প্রতারণা মামলায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম ফেরদৌস আরা শিল্পী এ আদেশ দেন।
এর আগে এ মামলায় ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর মহানগর হাকিম মো. সামছুল আলম অভিযুক্ত জয়নুলকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৪০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেছিলেন।
জয়নুল ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও চলতি বছরের ২৩ মার্চ ঢাকার একটি ট্রাইবুনালের তৎকালীন বিচারক মঞ্জুরুল বাছিদ নিু আদালতের দেওয়া সাজা বহাল রেখেছিলেন। মামলাটি আপিল আদালত থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফেরত আসে।
যে মামলায় সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ওই মামলার বাদি হচ্ছেন দৈনিক সমকাল পত্রিকার মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) আবুল খায়ের চৌধুরী। তিনি ২০০২ সালের ১২ অক্টোবরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জয়নুলের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলা বলা হয়, অভিযুক্ত জয়নুল বাদি আবুল খায়ের চৌধুরীর সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ১৯ লাখ ১৯ হাজার ৭৬৩ টাকা ধার নেন। পরে ওই টাকা শোধ না করে ২০০২ সালের ২২ আগস্ট ধার করা টাকার সমপরিমানের দু'টি চেক দেন।
এতে আরও বলা হয়, বাদি খায়ের ওই চেক দু'টি ব্যাংকে উপস্থাপন করলে তা প্রত্যাখ্যাত (ডিজ অনার) হয়।
বাদি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/২১৪২ ঘ.
bdnews24