নোয়াখালী, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী শহরের একটি বেসরকারি হাপাতালে মা ও ছেলে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মোর্শেদ আলম ওরফে ফারুক হোসেন (৩৫) নিহত মহিলার স্বামী বলে পুলিশ জানিয়েছে। মোর্শেদ লক্ষ্মীপুর জেলার বিজয় নগর গ্রামের আবুল কাশেমের ছেলে।
রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর জামালখান রোডের শেভরন হাসপাতাল থেকে মোর্শেদ আলমকে গ্রেপ্তার করে নোয়াখালী নিয়ে আসা হয়।
সোমবার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ হাযারী তার সভাকক্ষে প্রেস ব্রিফ্রিংএ মোর্শেদকে হাজির করেন।
হারুনুর রশিদ হাযারী জানান, গত ২৪ আগস্ট মোর্শেদ আলম শিশুপুত্র আপনকে শহরের গুডহিল হাসপাতালে ভর্তি করান। পরদিন সকালে হাসপাতাল কক্ষ থেকে শিশু আপন এবং তার মা স্বপ্নার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। তখন থেকে মোর্শেদ পলাতক ছিলেন।
পুলিশ কর্মকর্তা বলেন, গত শনিবার এক ব্যক্তি সুধারাম থানায় এসে ছবি দেখে স্বপ্নাকে সনাক্ত করেন। এ সময় তিনি পুলিশকে স্বপ্নার দেওয়া তার স্বামীর মোবাইল ফোন নম্বরটিও দেন। ওই নম্বরে ফোন করে মোর্শেদ আলমের অবস্থান নিশ্চিত করা হয়।
ওই লোকটি তাকে বলেছেন- ঘটনার কিছুদিন আগে ঢাকা যাওযার পথে স্বপ্নার সঙ্গে লোকটির দেখা হয়। তখন স্বপ্না লোকটিকে স্বামীর ফোন নম্বর দিয়েছিলেন। স্বপ্না তাকে বলেছিলেন তার স্বামী তাকে নোয়াখালী ফেলে ঢাকায় চলে গেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোর্শেদ আলম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান। এ ঘটনায় গুডহিল হাসপাতালের চেয়ারম্যান ডা. আব্দুল হাই বাদী হয়ে ২৫ আগস্ট সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫০ ঘ.
bdnews24