২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুর বিস্তারে আতঙ্কিত না হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশে সোয়াইন ফ্লুর বিস্তারে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ পরামর্শ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লুর বিস্তারে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ পরামর্শ দেন। সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক সৃষ্টি হতে পারে এমন কোনো ভাষা ব্যবহার না করতে সংবাদ মাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে সর্বোচ্চ 'র‌্যাশনাল মাইন্ড অ্যাপ্লাই' করতে বলেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেও ভয়ের কিছু নেই। কারণ এর প্রতিষেধক ওসেলটামিসার (ড়ংবষঃধসরপবৎ) ক্যাপসুলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমাদের দেশের একাধিক প্রতিষ্ঠান এটি তৈরী করছে। আর ক্যাপসুলটি বর্তমানে রপ্তানিও করা হচ্ছে।" রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত প্রথম এক রোগীর মৃত্যুর বিষয়ে রুহুল হক বলেন, "যিনি মারা গেছেন তাকে প্রথম ডেঙ্গু রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হয়। এরপর তার দেহে সোয়াইন ফ্লু সনাক্ত করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়।" উচ্চমাত্রায় জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যাওয়ার পরার্মশ দেন তিনি। সেইসঙ্গে এসব উপসর্গ দেখা দিলে ঘরের বাইরে না যাওয়া এবং অসুস্থ ব্যক্তি বা তার আশপাশের লোকজনকে মাস্ক ব্যবহারেরও পরামর্শ দেন মন্ত্রী। যারা এ ফ্লুতে আক্রান্ত হননি তাদের উদ্দেশ্যে রুহুল হক বলেন, হাতে ময়লা লাগলেই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। আর সঠিক সময়ে ডায়াগনসিস করা হলে এ রোগ ভালো হওয়া সম্ভব। দেশে সোয়াইন ফ্লুতে এ পর্যন্ত মোট ২১৩ জন আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/এইচএ/১৫৪০ ঘ.