ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংজ্ঞা পরিবর্তনের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সুপারিশ অনুযায়ী, প্রতিরক্ষাসহ বিভিন্ন বাহিনীর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া সদস্যরাও মুক্তিযোদ্ধা হিসেবে গন্য হবেন।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে স্থায়ী কমিটির সভা শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম (বীর বিক্রম) সাংবাদিকদের বলেন, "আমরা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বর্তমান সংজ্ঞা পরিবর্তনের সুপারিশ করেছি।"
তিনি বলেন, "বর্তমান সংজ্ঞা অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হননা। তবে, আমাদের কমিটি মনে করে, মুক্তিযুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন তিনি কোন বাহিনীর সদস্যই হোন বা না হন অবশ্যই মুক্তিযোদ্ধা।
"এই কারণে বর্তমান সংজ্ঞা পরিবর্তন করে সকল বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে সংজ্ঞার আওতায় আনতে হবে।"
১৯৭২ সালে প্রণীত মুক্তিযুদ্ধের সংজ্ঞার উদাহরণ দিয়ে রফিকুল বলেন, "ওই সংজ্ঞায় বলা হয়েছিল, মুক্তিযোদ্ধা হচ্ছেন তারা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু যারা প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, আনসার বা অন্য কোন বাহিনীর সদস্য তারা এই সংজ্ঞার আওতায় ছিলেন না।"
মুক্তিযুদ্ধে প্রতিরক্ষা বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য অংশ নেন বলে জানান তিনি।
শহীদ পরিবারের সংজ্ঞা পরিবর্তনের সুপারিশের বিষয়ে রফিক বলেন, "মুক্তিযুদ্ধে উপার্জনক্ষম ব্যক্তি ছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছিলেন। তাদের কেউ হয়তো তখন উপার্জন করতেন না।
"তবে শহীদ হয়েছেন এমন সদস্যদের পরিবারকেও আমরা শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছি।"
তিনি জানান, ১৯৭২ সালে প্রণীত শহীদ পরিবারের সংজ্ঞায় বলা আছে, যে পরিবারের একজন উপার্জনক্ষম সদস্য শহীদ হয়েছেন সেটি শহীদ পরিবার।
মুক্তিযোদ্ধাদের সঠিক কোন তালিকা না নেই বলে জানিয়ে কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বলেন, " বর্তমান সরকারের তালিকা প্রস্তুতের আগেই মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য দুই লাখ ২০ হাজার আবেদন জমা পড়েছে।"
কমিটির আরেক সদস্য খান টিপু সুলতান জানান, নানা অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে লাভজনক করতে ওই প্রতিষ্ঠানে অর্থ ও শিল্প বিষয়ক পরামর্শক নিয়োগ করার সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এসএইচ/১৬৫৪ ঘ.
bdnews24