ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২১টি জেলায় পরিবেশ অধিদপ্তরের শাখা খোলা হচ্ছে। এ ছাড়া পরিবেশ আদালত পরিচালনায় ১১ জন ম্যাজিস্ট্রেটসহ প্রয়োজনীয় লোকবলও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বলে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ সংগঠকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি বলেন, "২১টি জেলায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় করার জন্য গত সপ্তাহে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে। এ ছাড়া লোকবল এখনকার তুলনায় দ্বিগুণ করা হবে।
"ভ্রাম্যমান আদালত পরিচালনায় ১১ ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হবে।"
যেসব এলাকায় শিল্প-কারখানা বেশি সেসব জেলাতে (দেশের পুরানো ১৭টিসহ ২১ জেলায়) অধিদপ্তরের অফিস নেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।
বর্তমানে শুধু বিভাগীয় শহরে অধিদপ্তরের অফিস রয়েছে।
সামাজিক বনায়নের আওতা বাড়ানোর কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, "উপকূলীয় এলাকার ১১ হাজার কিলোমিটার বাঁধে পরিবেশ মন্ত্রণালয় বনায়ন করবে। এক্ষেত্রে সরকারের অংশ থাকবে ২৫ শতাংশ এবং বাকি ৭৫ শতাংশ থাকবে সাধারণ মানুষের।"
মতবিনিমিয় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের চেয়াম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ পরিবেশ সংক্রান্ত একটি স্থায়ী জাতীয় কমিটি করার অনুরোধ জানান।
জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) চেয়ারম্যান করে জাতীয় পরিবেশ কমিটি রয়েছে। দীর্ঘ ১২ বছর পর শিগগিরই এ কমিটির সভা হবে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দ রেজওয়ানা হাসান জানান, বিশ্বের ১০৫টি দেশে সংবিধান সংশোধন করে পরিবেশ বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানে পরিবেশের বিষয়ে সুস্পষ্ট কিছু না থাকায় প্রয়োজনীয় আইন-বিধান প্রয়োগে অসুবিধা হচ্ছে।
সরকার সংবিধান সংশোধন করে পরিবেশ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
মত বিনিময় সভায় পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসএইচ/২২২৫ ঘ.
bdnews24