সুনামগঞ্জ, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইফতার সামগ্রী কিনতে গিয়ে কথা কাটাকাটির জেরে রোববার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এর মধ্যে গুরুতর আহত সুজাত (২৬), সায়েম (২৪), সাজু (৭০), শিপু (২৫) ও কাপ্তনকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কৈতক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ইফতার সামগ্রী কেনার সময় স্থানীয় আতা মিয়া ও সাজু আহমদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফের সংঘর্ষের আশংকায় জাউয়াবাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24