২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ১৯৯

দেশে রোববার আরও পাঁচজন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এইচ১এন১ নামের এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৯-এ। গত শনিবার এক দিনেই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ৩১ জনকে শনাক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে রোববার আরও পাঁচজন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এইচ১এন১ নামের এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৯-এ। গত শনিবার এক দিনেই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ৩১ জনকে শনাক্ত করা হয়। চলতি বছরের ১৮ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. মোশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার এইচ১এন১ ভাইরাস আক্রান্ত আরও পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৯৯।" তিনি জানান, দেশের বিভিন্ন সরকারি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালের পাশাপাশি আটটি বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসকদের সোয়াইন ফ্লু চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বিশেষজ্ঞরা দেশে মহামারী আকারে এইচ১এন১ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেন। তারা বলেন, সোয়াইন ফ্লু'র ক্ষেত্রে বাংলাদেশ বিপদসীমার দ্বিতীয় পর্যায়ে (কান্ট্রি লেভেল-২) অতিক্রম করেছে। মহামারী পর্যায়ে না পৌঁছালেও তার আগের অবস্থানে রয়েছে দেশ। গত এপ্রিলে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লু ধরা পড়ার পর ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু'র হিসেবে বিশ্বে এ পর্যন্ত এ রোগে কমপক্ষে ২ হাজার ১৮৫ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ২০ লাখের বেশি। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগের ভাইরাস ছড়ায়। এ রোগ এড়াতে যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসএইচ/১৮৪০ ঘ.