ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত চার মাসের মধ্যেও সরকারিভাবে অভ্যন্তরীণ বাজার থেকে বোরো ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
এটা অর্জন নিশ্চিত করতে ধান ও চাল সংগ্রহের সময় সরকার আরও ১৫ দিন বাড়িয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য সচিব মোখলেছুর রহমান ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত ১ মে থেকে শুরু হওয়া এ অভিযানে রোববার পর্যন্ত দেশে ৮৬ হাজার মেট্রিক টন ধান এবং ১১ লাখ ৩৮ হাজার টন চাল সংগ্রহ হয়েছে।
এ সময়ে দেড় লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো।
এ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৬৪ হাজার টন ধান এবং ৬২ হাজার টন চাল কম সংগ্রহ হয়েছে।
সোমবারই এ অভিযান শেষ হওয়ার কথা ছিলো।
সভা শেষে অভিযানে লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারার কারণ ব্যাখ্যা করে খাদ্যমন্ত্রী বলেন, "দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত অঞ্চলের মিল মালিকরা বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় সময়মতো চাল সরবরাহ করতে পারেননি।
"তাদের আবেদনে সময় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।"
ধান-চালের সার্বিক মজুদ পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, "দেশে বর্তমানে ১২ লাখ ৫৬ হাজার টন চাল ও গমের মজুদ রয়েছে। এর বাইরেও বেসরকারিভাবে নয় লাখ টন চাল আমদানির ঋণপত্র খোলা হয়েছে।"
তিনি আরও জানান, সরকারি পর্যায়ে এক লাখ টন গম আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা হচ্ছে। মোট প্রায় ছয় থেকে সাত লাখ টন গম আমদানি করা হতে পারে।
সভায় আগামী আমন মৌসুমে ধান চাষ ও সরকারিভাবে সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়েও আলোচনা হয়।
খাদ্যমন্ত্রী জানান, এবার আমন চাষের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। অনেক স্থানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে। প্রকৃতি ঠিক থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে আমনের উৎপাদন বেশি হবে।
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "নিজেদের চাহিদা মিটিয়েও আমরা আমন ধান-চাল রপ্তানি করতে পারবো।"
খাদ্যশস্য সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট চাঁদাবাজি বন্ধে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা কার্যকর করা হয়েছে।"
ইতোমধ্যেই চাঁদাবাজি ও সংঘর্ষের মতো ঘটনা কমে এসেছে বলে দাবি করে তিনি বলেন, "ভবিষ্যতে আরও কমবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/এমআই/১৮১৫ ঘ.
bdnews24