২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ হাজার টন ধারণ ক্ষমতার সাইলো হচ্ছে মংলায়

মংলা বন্দর থেকে ১৩ কিলোমিটার দূরে জয়মনিরগোল এলাকায় ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার কংক্রিট হুইট গ্রেইন সাইলো নির্মাণ করছে সরকার। একই স্থানে মংলা বন্দরের জন্য একটি জেটিও বসানো হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 08:55 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দর থেকে ১৩ কিলোমিটার দূরে জয়মনিরগোল এলাকায় ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার কংক্রিট হুইট গ্রেইন সাইলো নির্মাণ করছে সরকার। একই স্থানে মংলা বন্দরের জন্য একটি জেটিও বসানো হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাইলো একটি বিশেষ ধরনের গুদাম। যাতে জাহাজ থেকে সরাসরি পণ্য নেওয়া যায়। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সভার পর সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে মাত্র ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ করার মতো গুদাম রয়েছে। ১৫ কোটি জনসংখ্যার জন্য মজুদের এ পরিমাণ অপ্রতুল। এ জন্য সরকার আরও সাত লাখ মেট্রিক টন খাদ্য মজুদ করার মতো গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে।" এ উদ্যোগেরই একটি অংশ মংলায় ৫০ হাজার টন ধারণ ক্ষমতার সাইলো নির্মাণ। ১৯৯৭ সালে এ সাইলো নির্মাণের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়। এ জন্য স্থান নির্বাচনসহ বেশকিছু কাজ এগিয়ে গেলেও পরে তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার এটিকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে গ্রহণ করেছে বলে মন্ত্রী জানান। রাজ্জাক জানান, জাপান সরকারের সহায়তায় ২৩০ কোটি টাকা ব্যয়ে এ গুদাম ও জেটি নির্মাণ করা হচ্ছে। স্থান নির্বাচনের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, "২৫ থেকে ৩০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বহনকারী জাহাজ ভেড়ার জন্য পানির গভীরতা প্রয়োজন প্রায় আট ফুট, যা বর্তমানে মংলা বন্দরে নেই। জয়মনিরগোল এলাকায় সব সময়ই পানির গভীরতা নয় ফুট থেকে ওপরে থাকবে। তাই এটিকেই বেছে নেওয়া হয়েছে।" মংলা বন্দর গতিশীল রাখতে সভায় জমি অধিগ্রহণ, মংলা চ্যানেলে সেতু নির্মাণ অথবা সার্বক্ষণিক ফেরি সার্ভিস চালু রাখা, সড়ক পথ প্রশস্ত করা এবং ভারী যানবাহন চলাচলের জন্য কালভার্ট মজবুত করা ও বিদ্যুৎ সংযোগ দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারিভাবে আমদানি করা খাদ্যশস্যের ৪০ ভাগ মংলা বন্দরে খালাস করা হয়। কিন্তু কোনও সাইলো না থাকায় খাদ্যশস্য খালাসে দেরি এবং অপচয় বেশি হচ্ছে। খাদ্যমন্ত্রী রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে খাদ্যসচিব মোখলেছুর রহমান, অতিরিক্তি সচিব আহমেদ হোসেন খান, যুগ্ম-সচিব জহিরুল হক, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য আব্দুল মান্নান, সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম-সচিব নাসির উদ্দিন খানসহ বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাগেরহাট জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৫৫ ঘ.