পাবনা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রাম থেকে শনিবার সকালে রওশন ওরফে রয়েজ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রয়েজ চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। তিনি ভাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রামের সামাদ প্রামাণিকের ছেলে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষিদ্ধ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এই আঞ্চলিক নেতা দীর্ঘদিন ধরে পাবনা ও সিরাজগঞ্জ জেলার মধ্যবর্তী চলনবিল এলাকায় হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে সকালে ভাঙ্গুড়া পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে পাবনার ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ সাতটি মামলা রয়েছে বলে এসপি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24