২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়ি থেকে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শনিবার শ্বশুরবাড়ি থেকে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত তামান্না হক সোনিয়া আত্মহত্যা করেছেন বলে ওই বাড়ির লোকজন দাবি করেছে। তবে সোনিয়ার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 08:07 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শনিবার শ্বশুরবাড়ি থেকে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত তামান্না হক সোনিয়া আত্মহত্যা করেছেন বলে ওই বাড়ির লোকজন দাবি করেছে। তবে সোনিয়ার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। সোনিয়ার স্বামী ফখরুল ইসলামও চিকিৎসক। তিনি ঘটনার পর থেকে পলাতক। ভোরে যাত্রাবাড়ীর ৭৬/খ/১ বিবিরবাগিচা বাড়ির শোবার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সোনিয়ার লাশ উদ্ধার করা হয় বলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে সোনিয়ার শ্বশুর ফরহাদ উদ্দিন থানায় টেলিফোন করে জানান, সোনিয়া ঘরের দরজা লাগিয়ে আছে, তার কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এরপরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে সোনিয়ার লাশ উদ্ধার করে।" সোনিয়া (২৮) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর মিটফোর্ড হাসপাতালে গাইনি বিভাগের অনারারি চিকিৎসক হিসেবে কাজ করছিলেন। তার স্বামী ফকরুল এমবিবিএস পাসের পর ওই মেডিকেল কলেজেই কার্ডিওলোজি বিভাগে উচ্চতর পড়াশোনা করছিলেন। ফকরুল ঘটনার পর থেকে পলাতক বলে জানান ওসি মুনিরুজ্জামান। সোনিয়ার ভাই হাসানুল মুনির দাবি করেন, তার বোনকে হত্যা করা হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সালে বিয়ের পর থেকে যৌতুকের জন্য ফকরুল এবং তার মা নানাভাবে সোনিয়ার ওপর নির্যাতন চালিয়ে আসছিল।" সোনিয়ার সহকর্মী ডা. রেজা বলেন, "কয়েকদিন আগে সোনিয়া আমাকে বলছিল, তার শ্বশুরবাড়ির লোকজন তার পড়াশোনা পছন্দ করছে না।" সোনিয়ার বোন সাদিয়া হক জানান, সোনিয়ার দেড় বছর বয়সি একটি ছেলে রয়েছে। ২০০৪ সালে এমবিবিএস পাস করার পর সোনিয়া পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করেন মিটফোর্ড হাসপাতালে। সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফকরুল ২০০৬ সালে কার্ডিওলোজি বিভাগে ডি-পার্ট-২ করার জন্য ভর্তি হয়েছিল। কিন্তু পাস করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/আরএ/এমআই/১৪০০ ঘ.