গাজীপুর, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুর সদরের ভোগড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার সকালে বিক্ষোভ করেছে। আগের দিন সন্ধ্যায় শ্রমিকরা বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর করে।
শুক্রবার সকাল ৯টার দিকে জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেডের কয়েকশ' শ্রমিক কারখানার পাশে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ গাজীপুর উপজেলা পরিষদ চত্বরে যান। এখানে অবস্থান নেওয়ার পর কোন কর্মকর্তাকে না পেয়ে (সাপ্তাহিক ছুটির কারণে) তারা ফিরে যান।
কারখানার শ্রমিক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তৃপক্ষ জুলাই মাসের এবং আগস্টের এক সপ্তাহের বেতন-ভাতা বকেয়া রেখে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তাদের দাবি শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দিয়ে দেওয়া হোক।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়ও জিম অ্যান্ড জেসি'র শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করে। পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিলে শ্রমিকরা আবার পাশের বাইপাস সড়কে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ তখন লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কারখানার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। তবে তারা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।
ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কর্মকর্তা বেলাল হোসেন শুক্রবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিকাণ্ডের জন্য বেলাল হোসেন কিছু উচ্ছৃঙ্খল শ্রমিককে দায়ী করেন।
জিম অ্যান্ড জেসির চেয়ারম্যান নাসরিন জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজ না থাকায় ৮ আগস্ট থেকে কারখানা বন্ধ রয়েছে। শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা ২৫ আগস্ট দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা না পাওয়ায় ওইদিন দেওয়া সম্ভব হয়নি।
তিনি জানান, ৭ সেপ্টেম্বর পাওনা পরিশোধের কথা বললেও শ্রমিকরা বিক্ষোভ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24