ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আরও ১৯ জন সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে দেশে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬৩।
নতুন করে আক্রান্তদের মাত্র একজন বিদেশ থেকে আক্রান্ত হয়ে দেশে এসেছেন। অন্য ১৮ জনের সবাই দেশে বসবাস করেন। তাদের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের রোগী রয়েছেন।
এর আগে মঙ্গলবার ১৩ জন, বুধবার ২২ জন ও বৃহস্পতিবার ছয়জন রোগী শনাক্ত করা হয়।
চলতি বছরের ১৮ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু রোগীর সন্ধান পাওয়া যায়।
শুক্রবার বিকেলে রোগতত্ত্ব, রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এইচ-১এন-১ ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে মাত্র একজন বিদেশ থেকে এসেছেন। অন্যরা সকলেই ঢাকা ও ঢাকার বাইরে বসবাস করে আসছেন।"
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছিলেন, প্রথম দিকে আমরা যেসব রোগী পেয়েছি, তাদের মধ্যে বিদেশ থেকে আসা রোগীর সংখ্যা বেশি ছিল। তবে এখন আক্রান্তদের মধ্যে দেশে অবস্থানকারী রোগীর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে।
আত্মীয়-স্বজন বা পরিচিতদের মাধ্যমে তাদের দেহে সোয়াইন ফ্লু ছড়িয়েছে বলে তার ধারণা।
এ ক্ষেত্রে এ রকম রোগী আরও বেড়ে যাওয়ার আশংকা রয়েছে জানিয়ে তিনি আরও বলেছিলেন, "অনেক ক্ষেত্রেই কারও মধ্যে সোয়াইন ফ্লু ধরা পড়ার আগেই তা আরও কয়েকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।"
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ-১এন-১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এ রোগ এড়াতে যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেণ্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/১৮৫৮ ঘ.
bdnews24