২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার বিরুদ্ধে মাকে খুন করার অভিযোগ করল শিশুপুত্র

বাবাই তার মাকে খুন করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছে শিশু রাসেল। বৃহস্পতিবার উত্তর ঢাকার আজমপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। পুলিশের কাছে ঘটনার বিবরণ দিয়েছে তাদের দশ বছরের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 06:35 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবাই তার মাকে খুন করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছে শিশু রাসেল। বৃহস্পতিবার উত্তর ঢাকার আজমপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। পুলিশের কাছে ঘটনার বিবরণ দিয়েছে তাদের দশ বছরের ছেলে। দক্ষিণ খান থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক মিস্ত্রী কবীর হোসেন (৩৩) তার স্ত্রী রীনা খাতুনকে পিটিয়ে হত্যা করে বলে জানিয়েছে তাদের ১০ বছরের পুত্র রাসেল। থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানান, রাসেল পুলিশকে জানিয়েছে সকালে তার বাবা মাকে মারধর করে বিছানায় ফেলে রেখে যান। কিন্তু মা ঘুমিয়ে পড়েছে ভেবে সে কাউকে কিছু বলেনি। এরপর দুপুর একটার দিকে বাবা এসে জানান মা মারা গেছে। এরপর পরিবারের অন্যদের কবীর জানান জন্ডিসে আক্রান্ত হয়ে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এরপর পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য আজমপুরে শহীদের পৈত্রিক (মুন্সীবাড়ি) বাড়ি থেকে রীনা খাতুনের লাশ উদ্ধার করে। নিহতের গাল, মাথা, গলা ও ডান চোখে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ কবীর হোসেনকে গ্রেপ্তার করেছে। কবীর পুলিশকে জানিয়েছেন, পারিবারিক দ্বন্দ্বে ৪/৫ দিন আগে তিনি স্ত্রীকে মারধর করেছিলেন। তবে বৃহস্পতিবার মারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.