২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালেই মেয়াদোত্তীর্ণ সিটি, পৌর ও ইউপি নির্বাচন: সাখাওয়াত

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ মেয়াদোত্তীর্ণ সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০১০ সালে করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ মেয়াদোত্তীর্ণ সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০১০ সালে করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। ওই সময়ের মধ্যে চলমান ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হবে- এমন আশা প্রকাশ করে সাখাওয়াত হোসেন বলেন, "হালনাগাদের কাজ শেষ হলে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাকি সব প্রস্তুতিই ইসির রয়েছে।" তবে সব কিছুই স্থানীয় সরকার নির্বাচনের আইনগুলো পাশ হওয়ার ওপর নির্ভর করছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। ২০০৭ সালের ২৪ মে ঢাকা সিটি করপোরেশনের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এছাড়া আগামী বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে। সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত আইনগুলো পাশ হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন আরো বলেন, "আইন পাস হওয়ার পর প্রয়োজনীয় বিধি প্রণয়নসহ ইসির কিছু অবজারভেশন রয়েছে।" সাখাওয়াত হোসেন জানান, মামলা, সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে অনেক ইউনিয়ন পরিষদ রয়েছে যেগুলোতে প্রায় ১৫/১৬ বছর ধরে নির্বাচন হয় না। এসব ইউনিয়ন পরিষদের মামলা ও আনুষঙ্গিক জটিলতা যত দ্রুত সম্ভব নিরসনের জন্য ইসির পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছে। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিতরণের কাজ নির্বাচন কমিশন করতে চায় জানিয়ে তিনি বলেন, "এ সংক্রান্ত একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেওয়া আছে। তাই জাতীয় পরিচয়পত্র তৈরি, বিতরণ ও সংরক্ষণের জন্য একটি আইনের খসড়া প্রণয়ণের কাজ চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২৩০৬ঘ.