২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর মিরপুর রোডে বুধবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক ব্যবসায়ী বৃহস্পতিবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুর রোডে বুধবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক ব্যবসায়ী বৃহস্পতিবার মারা গেছেন। নিহত মনির হোসেন (২৪) মুরগির ব্যবসা করতেন। এ বিষয়ে তার বাবা আব্দুল মোতালেব বাদী হয়ে শেরে-বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া মিরপুর মাজার রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অপর এক সবজি ব্যবসায়ী। মনিরের ব্যবসায়িক অংশীদার লুৎফর রহমান জানান, বুধবার রাতে তিনি ও মনির হোসেন ভ্যানে করে আদাবরের বাসা থেকে কাপ্তান বাজারে যাচ্ছিলেন। মনির নিজেই ভ্যান চালাচ্ছিলেন। রাত পৌনে দু'টার দিকে গণভবনের কাছে মিরপুর রোডে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তিনি বলেন, "ছিনতাইকারীরা মনিরকে মানিব্যাগ দিতে বললে তিনি অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তারা মনিরকে ছুরিকাঘাত করে ১২ হাজার টাকাসহ মানিব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।" লুৎফর জানান, ভ্যানে করে তিনি মনিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেরে-বাংলা নগর থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, এ বিষয়ে তার বাবা আব্দুল মোত্তালেব বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদাবরের ১৬ নম্বর সড়কে চাচাতো ভাই বাদলের সঙ্গে থাকতেন মনির। এছাড়া বৃহস্পতিবার ভোরে মিরপুরের মাজার রোড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সবজি ব্যবসায়ী বিপ্লব খান (৩০) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিরপুর থেকে ভোর ৬টার দিকে কাওরান বাজারে সবজি কিনতে যাওয়ার সময় দু'জন ছিনতাইকারী তার পথরোধ করে বুকে-পিঠে ছুরিকাঘাত করে ছয় হাজার টাকা নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/১৮০৫ ঘ.