হবিগঞ্জ/রংপুর, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজারের কাছে বৃহস্পতিবার ভোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অপর একটি ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
দুপুরে রংপুর শহরতলীর দর্শনা এলাকায় যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক ও তার সহহারী মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার রাদিকা এলাকার আক্তার হোসেন (৪০) ও মেড্ডা এলাকার জীবন মিয়া (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, শায়েস্তাগঞ্জ পুরানবাজারের কাছে বালুবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকটি মেরামত করছিলেন চালক ও তার সহকারী। এ সময় সিলেটগামী আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
রংপুর: কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) নুর আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া থেকে আসা জাগরণী পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে বিপরীত থেকে আসা টাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান টাক্টরচালক বাবু (৩০) ও তার সহকারী। পুলিশ চালকের সহকারীর নাম জানাতে পারেনি।
এসআই নুর আলম জানান, মিনিবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24