২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নাল হাজারীর মুক্তিতে আর বাধা নেই: আইনজীবী

সর্বশেষ অস্ত্র ও গোলাবারুদের মামলায় খালাস পেয়েছেন আওয়ামী লীগ নেতা ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী। ফলে এখন তার মুক্তিতে কোনও বাধা নেই বলে তার আইনজীবী দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বশেষ অস্ত্র ও গোলাবারুদের মামলায় খালাস পেয়েছেন আওয়ামী লীগ নেতা ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী। ফলে এখন তার মুক্তিতে কোনও বাধা নেই বলে তার আইনজীবী দাবি করেছেন। বৃহস্পতিবার বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ ওই মামলায় হাজারীর বিরুদ্ধে দেওয়া নিু আদালতের রায়ের বিরুদ্ধে করা এক আবেদনে তাকে এ মামলায় খালাস দেয়। ফেনীর জেলা ও দায়রা জজ ২০০৩ সালের ১০ আগস্ট এ মামলায় হাজারী ও তার ব্যক্তিগত সহকারী ফারুখ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলো। হাইকোর্টের আদেশের পর হাজারীর অন্যতম কৌঁসুলি শাহজাহান সাজু সাংবাদিকদের বলেন, "এখন হাজারীর কারামুক্তিতে আর কোনও বাধা নেই।" তিনি জানান, এ নিয়ে হাজারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মোট ২৩টি মামলার মধ্যে ১১টি মামলায় তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। ১২টিতে তিনি জামিনে রয়েছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তখনকার সাংসদ জয়নাল হাজারী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরই ওই বছরের ১৬ই আগস্ট রাতে দেশ ছাড়েন। তার কর্মকাণ্ডের কারণে বিগত আওয়ামী লীগ সরকারকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিলো। দীর্ঘ আট বছর দেশের বাইরে থাকার পর বর্তমান সরকারের আমলে তিনি দেশে ফেরেন। এরও মাসখানেক পর ১৫ই এপ্রিল তিনি ফেনীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে রয়েছেন। ২০০১ সালের ১৭ আগস্ট হাজারীর ফেনীর বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। ওই দিনই ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর। এ মামলায় আরেক যাবজ্জীবন কারাদণ্ডিত ফারুখ হোসেন ২০০৭ সালে খালাস পান। বৃহস্পতিবার খালাস পেলেন জয়নাল হাজারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএইচ/এমআই/১৬২২ ঘ.