ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বৃহস্পতিবার ভোররাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় জখম দেখে ধারণা করা হচ্ছে, গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
একই সময়ে মিরপুরে পুলিশের গুলিতে আহত হয়েছে এক সন্দেহভাজন সন্ত্রাসী।
শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের একটি রাস্তায় ৩৫/৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ পাওয়া যায়।
তিনি বলেন, "নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা দেখে মনে হয়েছে, তাকে হত্যা করার পর লাশ সেখানে ফেলে গেছে।"
নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, নিহতের গায়ে কোনও জামা ছিল না, পরনে একটি প্যান্ট ছিল।
কয়েকদিন আগে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং শেরে বাংলা নগর থানা পুলিশ পৃথকভাবে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও পরে ময়না তদন্তে জানা যায়, গুলি আঘাতে তাদের মৃত্যু হয়েছে।
মিরপুরে গুলিবিদ্ধ অবস্থায় আরিফ (২৮) নামে এক সন্দেহভাজন সন্ত্রাসীকে রাত ৪টার দিকে গ্রেপ্তার করে পুলিশ।
তার কাছ থেকে একটি পিস্তল, দুইটি তাজা গুলি এবং দুইটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মধ্য মণিপুর এলাকার একটি মাঠে সাত-আটজন সন্ত্রাসীর জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশ দেখে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।"
দুই পক্ষের গোলাগুলির সময় আরিফ আহত হয় জানিয়ে ওসি বলেন, গুলিবিদ্ধ আরিফকে ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়।
আরিফের শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লেগেছে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
একদিন আগে একদল সন্ত্রাসী মিরপুরের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে চাঁদার দাবিতে পাহারাদারকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে।
ওই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24