ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বুধবার রাতে এক শোকবার্তায় দীপু মনি বলেন, "সিনেটর এডওয়ার্ড কেনেডির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। রাজনৈতিক বিভেদের মাঝেও কাজ করার সক্ষমতার কারণে বিশ্বব্যাপী তিনি শ্রদ্ধা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই তার অভাব সবাই অনুভব করবে।"
বার্তায় আরও বলা হয়,"বাংলাদেশের মুক্তি সংগ্রামে সিনেটর কেনেডির অকুন্ঠ সমর্থন এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের প্রতি তার সহমর্মিতার কারণে এদেশের মানুষ বিশেষভাবে তাকে স্মরণ করবে।"
পররাষ্ট্রমন্ত্রী সিনেটর কেনেডির পরিবারবর্গ এবং যুক্তরাষ্ট্রের জনগণের প্রতিও গভীর সমবেদনা জানান।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা এডওয়ার্ড কেনেডি ক্যান্সারে ভুগে মঙ্গলবার রাতে ম্যাসাচুসেটসে নিজের বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির এই ভাই 'টেড কেনেডি' নামেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি সিনেটরের দায়িত্ব পালন করেন।
১৯৭১ এ বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য লড়ছে, তখন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় রিপাবলিকান পার্টি। আর তাদের সমর্থন ছিল পাকিস্তানের দিকে। এর মধ্যেই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন সিনেটর এডওয়ার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩০০ঘ.
bdnews24