কক্সবাজার, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় বুধবার দুপুরে টর্নেডোর আঘাতে বেশকিছু ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ভেঙে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে উপজেলা প্রশাসনের দাবি, ১৫টির মতো বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া কয়েকটি পুরনো দোকানপাট ও কিছু গাছপালা ভেঙেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ম ম নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে টর্নেডো আঘাত হানার খবর শুনে তিনি কক্সবাজার থেকে টেকনাফ এসে পৌঁছান।
ইউএনও বলেন, ১৫ টির মতো বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও কিছু পুরনো দোকানপাটের ক্ষতি হয়েছে। তবে এখনও বিস্তারিত রিপোর্ট হাতে আসেনি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
পৌর এলাকার বাসিন্দা শাহনেওয়াজ আহমদ জানান, টর্নেডোতে পৌর এলাকার অলিয়াবাদ, কলেজ পাড়া, শাপলা চত্বর, ইসলামাবাদ, কেকে পাড়া ও নাইট্যং পাড়ার শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত এবং অনেক দিনের পুরনো শতাধিক গাছ উপড়ে যায়।
মোহাম্মদ ইয়াছিন জানান, অলিয়াবাদ এলাকার মৌলভী এজাহারের সেমিপাকা মার্কেটটির অধিকাংশই ভেঙে গেছে। মার্কেটের প্রায় ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.
bdnews24