ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সংকট কমাতে স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আটটি ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র (আরপিপি) স্থাপনে আগামী ১০ সেপ্টেম্বর দরপত্র আহ্বানের প্রস্তুতি চূড়ান্ত করেছে বিদ্যুৎ বিভাগ।
ওই আটটি কেন্দ্রের ক্ষমতা হবে ৫৩০ মেগাওয়াট।
ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান আলমগীর কবির এ তথ্য দিয়ে বলেন, আগামী ২২ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে হবে।
তবে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, 'এত অল্প' সময়ের মধ্যে ভাড়ায় চালিত বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন সহজ হবে না।
পিডিবি চেয়ারম্যান বলেন, যাচাই-বাছাই শেষে ১৯ নভেম্বর দরপত্র চূড়ান্ত এবং ৩০ নভেম্বর চুক্তি স্বাক্ষর হবে। এ সময়ের মধ্যে কেন্দ্রগুলোর জন্য ভূমির ব্যবস্থাও চূড়ান্ত করা হবে। উদ্যোক্তাদের আগামী এক বছরের মধ্যে প্ল্যান্ট স্থাপন করতে হবে।
এ সময় তিনি বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ভাড়ায় চালিত এবং সরকারি ব্যবস্থাপনায় নতুন কেন্দ্র স্থাপনের একটি পূর্ণাঙ্গ চিত্রও তুলে ধরেন।
তবে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এত অল্প সময়ের মধ্যে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজ হবে না। তাই প্রয়োজনে সরকারকে সময়ের ক্ষেত্রে আরো কিছুটা ছাড় দিতে হবে। একইসঙ্গে ভাড়ায় চালিত এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার সরকারি পরিকল্পনা তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ অথবা ছয় বছর করার পরামর্শ দিয়েছেন তারা।
উদ্যোক্তাদের এ মতের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, "সরকার চায় যত দ্রুত সম্ভব বিদ্যুতের চলমান সংকট নিরসন করতে। এজন্য আমরা একটি মহাপরিকল্পনা (রোডম্যাপ) করেছি। প্রয়োজনে এ থেকে এক সপ্তাহ সময় বাড়ানো যেতে পারে।"
মতবিনিময় সভায় অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, তিন বছরের পরিবর্তে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ গ্রহণে পাঁচ বছর সময় দেওয়া উচিত। তিন বা পাঁচ যত বছরই হোক না কেন এজন্য সরকারকে ভর্তুকি দিতে হবে।
উদ্যোক্তাদের সব প্রকল্পের দরপত্রেই অংশ নেওয়ার সুযোগ দেয়ারও পরামর্শ দেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান বলেন, ফার্নেস অয়েল ব্যবহারযোগ্য কোন প্ল্যান্ট স্থাপনের তিন বছর পর তো আর ব্যবসা বন্ধ করা যাবে না। এসব চালিয়ে যেতে হবে। একইসঙ্গে সরকারেরও যে তিন বছর পর আর বিদ্যুতের প্রয়োজন হবে না, তা নয়। তাদেরও বিকল্প কোন ব্যবস্থা নেই। তাই তাদের এ চুক্তির মেয়াদ তিন বছরের বেশি করলেও কোন সমস্যা হওয়ার কথা নয়।
সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামও মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেন। তিনি বলেন, "তিন বছর মেয়াদের জন্য ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে এ থেকে আসা বিদ্যুতের মূল্য বেড়ে যাবে। এক্ষেত্রে মেয়াদ বাড়ানো হলে বিদ্যুতের দামও অনেকটা কমে আসবে। এছাড়াও গ্যাস বিদ্যুৎ কেন্দ্র স্থাপন যতটা দ্রুত সম্ভব হয়েছে, ফার্নেস অয়েল বা কয়লাভিত্তিক কেন্দ্র স্থাপন তত দ্রুত সম্ভব হবে না।
ভাড়ায় চালিত বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা প্রণয়নের ওপর জোর দিয়ে খুলনা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ বলেন, যতদিন কোন নীতিমালা না হয়, ততদিন প্রচলিত বিদ্যুৎ নীতিই অনুসরণ করা উচিত।
অন্য উদ্যোক্তারাও এতে বেশ কিছু সুপারিশ করেন। এর মধ্যে রয়েছে- ভাড়ায় চালিত সব কেন্দ্রের দরপত্রে সব উদ্যোক্তার অংশ নেওয়ার সুযোগ থাকা, একটি প্রতিষ্ঠানকে দু'টির বেশি কাজ না দেওয়া, দেশীয় প্রতিষ্ঠানের জন্য অভিজ্ঞতার শর্ত শিথিল করা, ভাড়ায় চালিত কেন্দ্র স্থাপনে 'সাইজ' উন্মুক্ত রাখা এবং ব্যাংক সুদের হার কমাতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করা।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক সাংবাদিকদের বলেন, বৈঠকে উদ্যোক্তাদের কাছ থেকে মতামত পাওয়া গেছে। তারা কতদিনের মধ্যে ভাড়ায় চালিত কেন্দ্র স্থাপন করতে পারবেন তা জানিয়েছেন। দু'একদিনের মধ্যেই তাদের লিখিত মতামত পাওয়া যাবে। তার িেপরেপ্রক্ষিতেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, লোড ম্যানেজ করে বর্তমানে চাহিদা পূরণ করা হচ্ছে। সাময়িকভাবে এ সমস্যার সমাধান হলেও সরকার দীর্ঘমেয়াদী সমাধানে আগ্রহী। এজন্য সরকার আরো বেশ কিছু পরিকল্পনা করছে। এসব বাস্তবায়নের মাধ্যমে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠা যাবে।
বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ মহসীনও সভায় উপস্থিত ছিলেন।
সরকার বর্তমানে যেসব স্থানে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে তা হচ্ছে- কুষ্টিয়ার ভেড়ামারায় ১০০, যশোরের নোয়াপাড়ায় ১০০, রাজশাহীর কাটাখালিতে ৫০, ঠাকুরগাঁওয়ে ৫০, নীলফামারীর সৈয়দপুরে ৫০, জামালপুরের সরিষাবাড়ীতে ৩০, বরিশালে ৫০ এবং মদনগঞ্জে ১০০ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১০৫ঘ.
bdnews24