২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত আরও ২২ জন শনাক্ত

দেশে আরও ২২ জন সোয়াইন ফ্লু আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এই প্রথম সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ব্যক্তিকে একদিনে শনাক্ত করা হলো বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান। নতুন করে আক্রান্তদের সবাই দেশে বসবাস করেন। এই নিয়ে দেশে এইচ-১এন-১ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১৩৯ জন। মঙ্গলবার ১৩ জনকে শনাক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আরও ২২ জন সোয়াইন ফ্লু আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এই প্রথম সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ব্যক্তিকে একদিনে শনাক্ত করা হলো বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান। নতুন করে আক্রান্তদের সবাই দেশে বসবাস করেন। এই নিয়ে দেশে এইচ-১এন-১ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১৩৯ জন। মঙ্গলবার ১৩ জনকে শনাক্ত করা হয়। চলতি বছরের ১৮ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। বুধবার বিকেলে রোগতত্ত্ব, রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এইচ-১এন-১ ভাইরাসে আক্রান্ত নতুন আরো ২২ জনকে শনাক্ত করা হয়েছে। এই নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৯ জন। "আজ (বুধবার) শনাক্ত করা রোগীদের সবাই দেশে বসবাস করে আসছেন। তদের কেউ বাইরে বা বিদেশ থেকে আসেননি। আক্রান্তদের সংস্পর্শ থেকেই তাদের মদ্যে এ ভাইরাস ছড়িয়েছে বলেই আমাদের ধারণা।" তিনি জানান, নতুন আক্রান্তদের বেশিরভাগই শহর এলাকায় বসবাস করেন। এর আগে মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "প্রথম দিকে আমরা যেসব রোগী পেয়েছি, তাদের মধ্যে বিদেশ থেকে আসা রোগীর সংখ্যা বেশি ছিল। তবে এখন আক্রান্তদের মধ্যে দেশে অবস্থানকারী রোগীর সংখ্যাই বেশি।" আত্মীয়-স্বজন বা পরিচিতদের মাধ্যমে তাদের দেহে সোয়াইন ফ্লু ছড়িয়েছে বলে তার ধারণা। এক্ষেত্রে এরকম রোগী আরো বেড়ে যাওয়ার আশংকা রয়েছে জানিয়ে তিনি বলেন, "অনেক ক্ষেত্রেই কারও মধ্যে সোয়াইন ফ্লু ধরা পড়ার আগেই তা আরো কয়েকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।" তবে দেশে এখনো সোয়াইন ফ্লু আতঙ্কজনক বা মহামারী পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেন তিনি। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ-১এন-১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেণ্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৮২৬ ঘ.