ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এডওয়ার্ড কেনেডি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এ দেশের মানুষের প্রতি তার মমতা ও ভালবাসা ইতিহাসে লেখা থাকবে।'
এডওয়ার্ডের মৃত্যুর খবর পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন ফারুক চৌধুরী। ১৯৭২ এ সদ্য স্বাধীন দেশে এডওয়ার্ড যখন এসেছিলেন, তখন ফারুক চৌধুরী ছিলেন বাংলাদেশে চিফ অফ প্রটোকল (রাষ্ট্রাচার)।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলোচনায় এই অবসরপ্রাপ্ত কূটনীতিক ক্ষণিকের জন্য হারিয়ে গিয়েছিলেন ৩৬ বছর আগে।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা এডওয়ার্ড কেনেডি ক্যান্সারে ভুগে মঙ্গলবার রাতে ম্যাসাচুসেটসে নিজের বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির এই ভাই টেড কেনেডি নামেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি সিনেটরের দায়িত্ব পালন করেন।
১৯৭১ এ বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য লড়ছে, তখন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় রিপাবলিকান পার্টি। আর তাদের সমর্থন ছিল পাকিস্তানের দিকে। এর মধ্যেই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন সিনেটর এডওয়ার্ড।
ফারুক চৌধুরী বলেন, "মুক্তিযুদ্ধে বাংলাদেশের শরণার্থীদের দুঃখ-দুর্দশা বিশ্ববাসীর দৃষ্টিতে এনেছিলেন এডওয়ার্ড কেনেডি। মুক্তিযুদ্ধের সময়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশের শরণার্থীদের দুর্দশা নিজের চোখে দেখে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে মর্মস্পর্শী একটি প্রতিবেদনও জমা দিয়েছিলেন তিনি।
"বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও এ দেশের মানুষের প্রতি মমতা ও ভালবাসা এভাবেই প্রকাশ করে গেছেন তিনি। এটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে।"
ওই সময় এডওয়ার্ডের মন্তব্য ছিল- পূর্ববঙ্গে (বাংলাদেশ) সন্ত্রাসের রাজত্ব চলছে।
এ মানবিক বিপর্যয়ের জন্য পশ্চিম পাকিস্তানের (ইসলামাবাদ) প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন 'দুষ্কর্মে' সহযোগিতা করার চেয়ে কোনও অংশে কম নয় বলেও কড়া সমালোচনা করেছিলেন তিনি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ১৯৭২ সালের ১৪ ও ১৫ ফেব্র"য়ারি ঢাকায় এসেছিলেন এডওয়ার্ড। দুদিনের এ সফরে সরকারি দায়িত্ব নিয়ে সব সময় তার পাশে ছিলেন ফারুক চৌধুরী।
ফারুক চৌধুরী বলেন, "তিনি ঢাকায় এসেছিলেন মুক্তিযুদ্ধের শরণার্থী শিবির দেখতে, তাদের খোঁজ-খবর নিতে। ঢাকায় কয়েকটি গণকবরে গিয়ে অকুতোভয় বীরদের (মুক্তিযোদ্ধা) প্রতি শ্রদ্ধা জানান তিনি।"
তেজগাঁওয়ে পুরনো বিমানবন্দরে এডওয়ার্ড কেনেডির নামার স্মৃতি এখনও উজ্জ্বল ফারুকের স্মৃতিতে।
"তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী এম আর সিদ্দিকী ও বেগম সিদ্দিকী। স্ত্রী জোন বেনেতকে নিয়ে নামেন এডওয়ার্ড। যে কয়েকজন বিদেশি বন্ধু সদ্য স্বাধীন দেশে প্রথম সফর করেন, তিনি ছিলেন প্রথম সারির একজন", বলেন ফারুক।
তিনি জানান, ১৪ ফেব্র"য়ারি গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেন এডওয়ার্ড। পরদিন সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর সঙ্গে।
সফরকালে কুষ্টিয়ায় শরণার্থী শিবিরে গিয়ে শরণার্থীদের খোঁজ-খবর নেন এডওয়ার্ড। এছাড়া তিনি নারায়ণগঞ্জে খাদ্য গুদামও পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলেন তিনি।
ফারুক চৌধুরী বলেন, "ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরও দেখতে গিয়েছিলেন এডওয়ার্ড কেনেডি।"
টেড কেনেডির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফারুক বলেন, "এমন মানুষের বিয়োগ আমাকে শোকাভিভূত করেছে। আমরা হারিয়েছি এমন বন্ধুকে, যিনি আমাদের সময়ের একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন।
"তার কর্মে তিনি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন সব সময়েই।"
এডওয়ার্ডের এক ভাই জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ১৯৬৩ সালে খুন হন। আরেক ভাই সিনেটর রবার্ট কেনেডি ১৯৬৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালানোর সময় আততায়ীর গুলিতে নিহত হন। তাদের আরেক ভাই জো কেনেডি ছিলেন পাইলট, দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি নিহত হন।
এডওয়ার্ড কেনেডি ১৯৩২ সালের ২২ ফেব্র"য়ারি কোটিপতি ব্যবসায়ী জোসেফ কেনেডি ও রোজের ঘরে জন্ম নেন। তাদের চার ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে এডওয়ার্ডই সবার ছোট।
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯২ সালে ভিক্টেরিয়া নামে আরেক নারীকে বিয়ে করেন তিন সন্তানের জনক এডওয়ার্ড।
বিডিনিউহ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৩ ঘ.
bdnews24