ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র সাদেক হোসেন খোকার অসহযোগিতার কারণে ঢাকা সিটি কর্পোরেশনে গত ৮ বছরের দুর্নীতির তদন্ত শুরু করা যায়নি বলে অভিযোগ করেছে সংসদীয় কমিটি।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী বুধবার বলেন, "মেয়র তার দুর্নীতি ঢাকতে সংসদীয় তদন্ত কমিটিকে সহযোগিতা করছেন না।"
সংসদীয় কমিটি ইতোপূর্বে আওয়ামী লীগের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে ঢাকা সিটি কর্পোরেশনে দুর্র্নীতি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
এই কমিটির অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের আলী আশরাফ খান খসরু ও মোস্তাফিজুর রহমান এবং বিএনপি'র আবুল খায়ের ভূঁইয়া।
রহমত আলী সাংবাদিকদের বলেন, "মেয়র ঠিকাদার নিয়োগ, দোকান বরাদ্দ, বাস টার্মিনাল ইজারা, যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন কাজে সীমাহীন দুর্নীতি করেছেন। আমরা নিশ্চিত দুর্নীতি অবশ্যই হয়েছে। তবে কত টাকার হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।"
তিনি জানান, কমিটি তদন্ত কাজের জন্য ঢাকা সিটি কর্পোরেশন ভবনে একটি কক্ষ বরাদ্দ চায়। কিন্তু মেয়র এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, কোনও কক্ষ বরাদ্দ দেওয়া যাবে না।
সাদেক হোসেনের চিঠি থেকে উদ্ধৃত করে রহমত আলী বলেন, "উনি বলেছেন যে কোনও দুর্নীতি হয়নি। আর আমরা নাকি তাকে ধরার জন্য কমিটি করেছি।"
"উনি তো ধরাই আছেন। কারণ উনার দুর্নীতি আতঙ্কিত হওয়ার মতো", বলেন রহমত।
তিনি জানান, তদন্ত কমিটি এখন সংসদ ভবনে বসেই তদন্ত কাজ চালাবে এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র তলব করবে।
রহমত আলী বলেন, "আমরা প্রয়োজনে মেয়রকে সংসদীয় কমিটিতে ডাকব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১৬১০ ঘ.
bdnews24