ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের কেনা-কাটার সুবিধায় রমজান মাসে সারাদেশে প্রতিদিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে রমজান মাসে প্রতিদিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।"
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের বলেন, "রমজান মাসে আজ (বুধবার) থেকে শর্তসাপেক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।"
শর্তগুলো হচ্ছে- সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কোনও দোকানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালু রাখা যাবে না এবং সাড়ে ৮টার পর নিজস্ব জেনারেটর দিয়ে দোকানগুলোকে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।
নিয়ম মানা হচ্ছে কি না, তা তদারকিতে প্রশাসন ও দোকান মালিকদের নিয়ে একটি মনিটরিং কমিটি করা হয়েছে জানিয়ে উপদেষ্টা তৌফিক বলেন, কোনও অনিয়ম হলে সরকার এক্ষেত্রে ব্যবস্থা নেবে।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকার রাত ৮টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে ব্যবসায়ীদের দাবির মুখে গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ রমজানে শুক্র ও শনিবার দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়।
তবে এরপরও ব্যবসায়ীরা আরও সময় দোকান খোলার রাখার জন্য ধর্না দিয়ে আসছিল।
বুধবার দুপুরে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
দোকান মালিকদের নেতা আমির হোসেন দাবি করেছেন, ১৫ রমজানের পর থেকে রাতে অনির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়েও সরকারের সম্মতি মিলেছে।
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমকে/আরএ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24