সিরাজগঞ্জ, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও দুটি মোবাইল অপারেটরের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জ জেলায় মোবাইল ফোনে মঙ্গলবার থেকে বন্যার আগাম সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে।
গ্রামীণ ফোন ও টেলিটক গ্রাহকদের এ সতর্ক বার্তা পাঠানো হবে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগের আগাম বার্তা প্রচার' বিষয়ক কর্মশালায় এ ঘোষণা দেওয়া হয়।
কর্মশালায় জানানো হয়, সিরাজগঞ্জ জেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু করা হল। ফলপ্রসু হলে পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও তা চালু করা হবে।
সিরাজগঞ্জ জেলার গ্রামীণ ও টেলিটক গ্রাহকরা এখন থেকে সার্বক্ষণিকভাবে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা, বিপদসীমা থেকে পানির ব্যবধান এবং পরবর্তী ২৪ ঘণ্টায় নদীর পানি বাড়বে না কমবে তাও জানতে পারবেন।
মোবাইল ফোনের এসএমএস অপসনে গিয়ে 'সেল ইনফো' প্রোগ্রামে ঢুকে তা চালু করলেই পূর্বাভাস ফোনের মনিটরে আসতে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24