২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের যুবক মজার ছলে এসএমএস করার কথা বলেছে: জিএম কাদেরের সচিব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদেরকে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতাকে 'চিহ্নিত' করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব আবু তৈয়ব। আবু তৈয়ব মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুমকিদাতার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলে ওই ফোনটি ধরেন এক যুবক। তিনি মন্ত্রীকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, হুমকি নয়, মজার ছলেই এসএমএসটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদেরকে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতাকে 'চিহ্নিত' করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব আবু তৈয়ব। আবু তৈয়ব মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুমকিদাতার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলে ওই ফোনটি ধরেন এক যুবক। তিনি মন্ত্রীকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, হুমকি নয়, মজার ছলেই এসএমএসটি করা হয়েছে। মন্ত্রীর সচিব আরও জানান, ওই যুবক বলেছেন যে তিনি রংপুরের দর্শনা থেকে ফোন করেছেন। তবে যুবকটি তার নাম জানাননি। জিএম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পুলিশকে সবকিছু জানানো হয়েছে। তারা হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে মন্ত্রী এ-ও বলেন, তাদের এখন ধারণা কেউ যুবকটিকে ওই এসএমএম পাঠাতে বাধ্য করে। রাতে যোগাযোগ করা হলে রংপুরের এসপি তানভীর হায়দার জানিয়েছেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। এদিকে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাকির হোসেন মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হুমকির বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি র‌্যাব, সিআইডি এবং এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এখন পর্যন্ত হুমকিদাতাকে চিহ্নিত করা যায়নি।" উত্তরা থানায় এ নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছিল। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এসএমএসের মাধ্যমে মন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে তিনি জানান। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরকে ইংরেজিতে পাঠানো ওই এসএমএসে বলা হয়, "সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তবে একজন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি জানেন, সে কে? সে হল আজরাইল। "সে আসবে এবং আপনার জান কবজ করবে। সুতরাং সাবধান থাকবেন। এটা চূড়ান্ত সময়।" জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের ছোট ভাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএস/এসকে/২৩৩৭ঘ.