২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বন্যা পরিস্থিতির অবনতি, শিশুর মৃত্যু

পদ্মা ও যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাবনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পদ্মা ও যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় কয়েকশ' ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

পাবনা, ২৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা ও যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাবনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পদ্মা ও যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় কয়েকশ' ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে। মঙ্গলবার সকালে সুজানগর উপজেলার বস্তাল গ্রামে বন্যার পানিতে ডুবে মারা গেছে এক শিশু। জেলা প্রশাসন জানায়, পদ্মা, যমুনা, গুমানি, চিকনাই, বড়ালসহ জেলার ওপর দিয়ে প্রবাহিত সব নদীর পানি বেড়েছে। এতে বেড়া, সদর, সুজানগর নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে আছে সুজানগরের নাজিরগঞ্জ, সাগরকান্দি, বেড়ার জাতসাকিনি, সদরের দোগাছি, বারারা, হেমায়েতপুর ও দাপুনিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। গত কয়েক দিনে সাঁথিয়া, ফরিদপুর, ঈশ্বরদী ও আতাইকুলাসহ জেলার সাতটি উপজেলার অন্তত ৫০-৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে অন্তত চার হাজার একর ফসলি জমি। এসব এলাকা পদ্মা-যমুনার তীরসংরক্ষণ বাঁধের বাইরে অবস্থিত। মঙ্গলবার সকালে সুজানগর উপজেলার বস্তাল গ্রামের হেদায়েত আলীর ছেলে হাফিজুল (৬) বন্যার পানিতে ডুবে মারা গেছে। শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যা এখনও ভয়াবহ আকার ধারণ করেনি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বন্যার বিষয়টি অবহিত করে বার্তা পাঠানো হয়েছে। পাবনা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার বলেন, ত্রাণসামগ্রী বিতরণের জন্য ইতোমধ্যে উপদ্রুত এলাকায় রেডক্রিসেন্টের কর্মীরা কাজ শুরু করেছেন। বন্যার পাশাপাশি বেড়া ও সুজানগর উপজেলায় পদ্মা ও যমুনার ভাঙন তীব্র হয়েছে। জেলা প্রশাসন জানায়, সুজানগরের সাতবাড়িয়া, নাজিরগঞ্জ, শাখাগঞ্জ এবং বেড়ার রঘুনাথপুর, নগরবাড়ী, খানপুরাসহ কয়েকটি এলাকায় নদী ভাঙনে গত এক মাসে ৩-৪শ' পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.