সাতক্ষীরা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা থানার তিন পুলিশ সদস্যসহ ১৯ জনের বিরুদ্ধে সোমবার মামলা হয়েছে আদালতে।
সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকারিয়া হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফজলুর রহমান মোড়ল।
বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- তালা থানার উপ-পরিদর্শক সুরেশ চন্দ্র হালদার ও আশিকুর রহমান, কনস্টেবল সেলিম (বকসী), তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের হামিদ মোল্যা, রুহুল আমিন মোল্যা, হাবিবুর রহমান মোল্যা, কিসমতঘোনা গ্রামের আজিজুল শেখ, হাফিজুল শেখ, কামরুল শেখ, আসাদুল শেখ, মিজানুর সরদার, মহান্দি গ্রামের সিরাজুল মোড়ল, সাইরুদ্দীন শেখ, শাহাপুর গ্রামের শাহিনুর খাঁ, হরিনগর গ্রামের লিটু শেখ, খলিলনগর গ্রামের জামাল সরদার, শিবপুর গ্রামের ঈমান আলী সরদার, মতিয়ার সরদার ও মজিবর মোল্লা।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তালা থানায় গত ১২ আগস্ট একটি শালিসি বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে বিরোধীয় জমির পাট অর্ধেক করে হামিদ মোল্লা ও ফজলুর রহমানকে ভাগ করে নিতে বলা হয়। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলি হলে উপ-পরিদর্শক সুরেশ হালদার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেন। তিনি ১৬ আগস্ট উপ-পরিদর্শক ইব্রাহিমের মাধ্যমে পাট না কাটার জন্য ফজলুর রহমানকে নোটিশ পাঠিয়ে প্রতিপক্ষ হামিদ মোল্লার দেওয়া ১২ জনের বিরুদ্ধে অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেন।
গত তারিখ ১৭ আগস্ট। এই মামলায় পুলিশ ফজলুর রহমানকে ওই রাতে আটক করে থানায় এনে বেদম মারপিট করে। এ সময় অভিযুক্ত পুলিশ সদস্যরা আটক ফজলুর রহমানের কাছে ৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষ হামিদ মোল্লা পরদিন ১৮ আগস্ট সকালে লোকজন নিয়ে ওই জমিতে ফজলুর রহমানের লাগানো গাছ কেটে ও বাড়িঘর ভেঙে প্রায় এক লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সময় ফজলুর রহমানের স্ত্রী সখিনা খাতুন বাধা দিলে আসামিরা তাকে মারধর ও লাঞ্ছিত করে। এরপর পুলিশ ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। জামিনে মুক্তি পেয়ে তিনি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২১০ ঘ.
bdnews24