২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কার্গো থেকে বিদেশি কাপড় আটক

রাজধানীর কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে একটি কার্গো থেকে মঙ্গলবার ভোররাতে বিদেশি কাপড়ের গাইট আটক করেছে র‌্যাব। এর সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 09:45 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে একটি কার্গো থেকে মঙ্গলবার ভোররাতে বিদেশি কাপড়ের গাইট আটক করেছে র‌্যাব। এর সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাক্তারচর এলাকা থেকে কার্গোটি আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১০ এর উপ-পরিচালক গাজী গোলাম মোর্শেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে বাক্তার চর এলাকার এ হামিদ টু নামের একটি বালু বাহী কার্গো থেকে নিষিদ্ধ বিদেশি কাপড় নামানোর সময় ২৫৭ বান্ডেল কাপড় আটক করা হয়েছে।" তিনি জানান, একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটো রিকশাও ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে ট্রাকচালক পালিয়ে যায়। অটো রিকশা ও মাইক্রোবাসের চালকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা মোর্শেদ জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- অটো রিকশাচালক জালাল (৫৯), মাইক্রোবাস চালক আব্দুল আওয়াল (৪৭), ফরিদ মোল্লা (২৭), জামাল (৪০), মামুন (২৫), ফকরুল (৩০), মফিজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর হোসেন (২৭) ও সোহেল হাওলাদার (২২)। আটক পণ্যের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে র‌্যাব জানায়। অটোরিকশাচালক জালাল সাংবাদিকদের বলেন, দুই যুবক সোমবার রাতে কেরানীগঞ্জের কদমতলীর পোট্রোল পাম্প থেকে স্ট্যান্ড বাজার যাওয়ার কথা বলে তার সিএনজি ভাড়া করে। ওই এলাকায় পৌঁছামাত্র র‌্যাবকে দেখে তারা পালিয়ে যায়। জাহাঙ্গীর বলেন, সোমবার বিকেলে বালু নামানোর কাজের কথা বলে বরিশালের বানারীপাড়া তিনি এবং জামাল ও ফরিদকে কার্গোতে উঠানো হয়। পথে নদীতে একটি ট্রলার থেকে কাপড়গুলো কার্গোতে তোলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.