২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বন্যা কবলিতরা বাঁধে আশ্রয় নিয়েছেন

জামালপুরের চার উপজেলার ১২টি ইউনিয়নের বন্যা কবলিত কয়েক হাজার মানুষ বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার (১৯ দশমিক ৫০ মিটার) ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পুরাতন ব্রহ্মপুত্রসহ জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান জানান, গত ২৪ ঘন্টায় পুরাতন ব্রহ্মপুত্রের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

জামালপুর, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের চার উপজেলার ১২টি ইউনিয়নের বন্যা কবলিত কয়েক হাজার মানুষ বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার (১৯ দশমিক ৫০ মিটার) ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পুরাতন ব্রহ্মপুত্রসহ জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান জানান, গত ২৪ ঘন্টায় পুরাতন ব্রহ্মপুত্রের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়েছে। তিনি জানান, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ ও মেলান্দহ উপজেলার প্লাবিত নিম্নাঞ্চলের ১২টি ইউনিয়নের পানিবন্দি কয়েক হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। পাউবো কর্মকর্তা জানান, বন্যার পাশাপাশি ইসলামপুর উপজেলার দুটি ইউনিয়নে যমুনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়দুর রহমান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এলাকার কুলকান্দি গ্রামে যুমনায় ভাঙন তীব্র হয়েছে। ইতোমধ্যে কুলকান্দি-মলমগঞ্জ বাজার সড়কের ৫০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। চাপাশী ইউনিয়নের চেয়ারম্যান হাশমত আলী জানান, তার এলাকার শসারিয়া গ্রামে যুমনার ভাঙন দেখা দিয়েছে। তারা জানান, গত এক সপ্তাহে এ দুটি গ্রামের প্রায় পাঁচশ' একর জমি নদীগর্ভে চলে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুশ' পরিবার। বাহাদুরাবাদ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, যমুনার ভাঙনের ফলে বাহাদুরাবাদ নৌ থানা ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে মালামাল মলমগঞ্জ মডেল কলেজের দ্বিতীয়তলায় সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.