চাঁদপুর, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে রোববার রাতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রকৌশলী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে বিক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিসে ইট-পাটকেল নিক্ষেপ এবং ফটক ভাঙচুর করে। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।"
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিক্ষুব্ধ গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদগঞ্জে প্রতিদিনই ব্যাপকহারে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রমজানের প্রথম দিনেও এ ব্যতিক্রম ছিল না। লোডশেডিংয়ের কারণে ইলেক্ট্রনিক্সের জিনিসপত্রও নষ্ট হয়ে যাচ্ছে।
এ কারণে ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিসে এ হামলা চালায় বলে তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৫ ঘ.
bdnews24