২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টগার্ড-জলদস্যু বন্দুকযুদ্ধের পর চার জেলে উদ্ধার

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকায় শনিবার বিকেলে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ডের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়েছে। গুলিবিনিময়ের পর কোস্টগার্ড জলদস্যু জুলফিকার বাহিনীর কবল থেকে এফ বি ময়না নামে একটি মাছ ধরার ট্রলারসহ অপহৃত চার জেলেকে উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

বাগেরহাট/বরগুনা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকায় শনিবার বিকেলে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ডের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়েছে। গুলিবিনিময়ের পর কোস্টগার্ড জলদস্যু জুলফিকার বাহিনীর কবল থেকে এফ বি ময়না নামে একটি মাছ ধরার ট্রলারসহ অপহৃত চার জেলেকে উদ্ধার করে। বন্দুকযুদ্ধে হতাহতের খবর পাওয়া যায়নি। অপরদিকে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার সাত জেলে রোববার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছে। অপহৃত ৭৮ জেলের মধ্যে এ পর্যন্ত ১১ জেলে মুক্তি পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, উদ্ধারকৃত চার জেলে হলেন- এফ বি ময়নার মাঝি মো. দুলাল (৪৫), জেলে মো. জাফর হোসেন (৩৭), সঞ্জয় কুমার মজুমদার (৩৮) এবং অলি ইসলাম (৩৬)। এদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী, বকুলতলা ও কাঁঠালতলী গ্রামে। রোববার বিকেলে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মুশফিকুর রহমান ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকায় শনিবার বিকেল পাঁচটায় অভিযান চালায় কোস্টগার্ড। জলদস্যু জুলফিকার বাহিনী তাদের উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ডের ওপর গুলিবর্ষণ শুরু করে। কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। আধ ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধে উভয়পক্ষের মধ্যে প্রায় ৪৫-৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে জলদস্যু দল পিছু হটে। কোস্টগার্ড ওই এলাকায় গড়ে তোলা জলদস্যুদের ৫টি আস্তানা গুড়িয়ে দেয়। উদ্ধার করা হয় আটকে রাখা চার জেলেকে। উদ্ধারকৃত ট্রলারের মাঝি দুলাল কোস্টগার্ডকে জানিয়েছেন, ত্রিশ হাজার টাকা মুক্তিপণের দাবিতে জুলফিকার বাহিনী শরণখোলার কচিখালী এলাকা থেকে শুক্রবার ট্রলারসহ তাদের অপহরণ করেছিল। এর আগে মঙ্গলবার সাগরে মাছ ধরার সময় বরগুনার ৪১ জন জেলেকে জলদস্যুরা অপহরণ করে। বিভিন্ন সময় আরও ৩৭ জনকে অপহরণ করা হয়। দস্যুরা এদের সুন্দরবন ও সংলগ্ন দুর্গম এলাকায় আটকে রেখে মুক্তিপণ দাবি করে। জেলেদের উদ্ধারে বরগুনা, বাগেরহাট, খুলনার কোস্টগার্ড বৃহস্পতিবার থেকে অভিযানে নামে। শুক্রবার বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে দুটি বন্দুক ও আট রাউন্ড গুলিসহ এক দস্যুকে আটক করা হয়। বরগুনা প্রতিনিধি জানান, মুক্তিপণ দিয়ে সাত জেলে পাথরঘাটায় ফিরেছেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জলদস্যু জুলফিকার বাহিনীকে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে এ সাত জেলে ফিরে এসেছেন। এরা হলেন- আকবর মুন্সী, সোলেমান, জয়নাল মাঝি, আবদুল মালেক, মুনসুর আলী, ইউনুস মিয়া ও ইউসুফ আলী। গোলাম মোস্তফা জানান, রোববার সকালে তারা পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে আসেন। এদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১১ ঘ.