ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হাইকোর্টের দেওয়া আদেশ পর মুহূর্তেই স্থগিত করা হয়েছে।
হাইকোর্ট রোববার দুপুর ১টায় শাহজাহান সিরাজকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারের প্রতি নির্দেশ দেয়।
এরপর সরকার পক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের ওই আদেশের ওপর এক দিনের স্থগিতাদেশ দেন।
চেম্বার বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে (এক ঘণ্টার মধ্যে মুক্তি দিয়ে আদালতে হাজির) শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছে।
সরকার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম। শাহজাহান সিরাজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
চেম্বার বিচারপতির আদেশের পর অতিরিক্ত এটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক হাইকোর্টের বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ও বিচারপতি এস এম ইমদাদুল হকের বেঞ্চে গিয়ে জানান, হাইকোর্টের আদেশ আপিল বিভাগ এক দিনের জন্য স্থগিত করেছে।
এর আগে দুপুর ১টায় শাহজাহান সিরাজকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দিয়ে আদালতে হাজির করতে ওই বেঞ্চ নির্দেশ দেয়।
জামিন পাওয়ার পরও মুক্তি না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে বিএনপির সহসভাপতি শাহজাহান সিরাজের করা একটি আবেদনে ওই আদেশ হয়।
হাইকোর্টের আদেশের পর সিরাজের কৌঁসুলি ব্যারিস্টার সারোয়াত সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে (শাহজাহান) এক ঘণ্টার মধ্যে মুক্তি দিতে স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক, উপ কারা মহাপরিদর্শক, জেলার, জেল সুপার ও ভারপ্রাপ্ত জেল সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ২টায় তাকে এ বেঞ্চে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।"
সারোয়াত বিএনপি নেতা শাহজাহান সিরাজের মেয়ে।
শাহজাহানের পক্ষে শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "গত ১৮ আগস্ট দুটি মামলায় তাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের জামিন আদেশের পর তিনি জামিননামাও দাখিল করেন। তার কারামুক্তির আদেশও দেওয়া হয়। কিন্তু তারপরও তাকে মুক্তি দেওয়া হয়নি।"
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক বলেন, "এ মামলা দুটিতে শাহজাহান সিরাজ ইতোপূর্বে (১৮ আগস্টের পূর্বে) জামিন নিয়েছিলেন। ওই জামিনের আদেশ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছিল। তারপরও শাহজাহন সিরাজ আবার নতুন করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।"
এ সময় আদালত বলে, "নতুন করে জামিন নিতে বাধা কোথায়?"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আদালত অবমামনার অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানির জন্য সময় আবেদন করলে আদালত এক ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দিয়ে হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়।
দুটি মামলায় সাজাপ্রাপ্ত শাহজাহান সিরাজ গত ৩০ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৭ সালের ২৯ আগস্ট কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় শাহজাহান সিরাজকে ৮ বছর কারাদণ্ড দেয় আদালত।
এছাড়া সম্পদের তথ্য গোপন করার মামলায় ২০০৮ সালের ২৩ এপ্রিল শাহজাহান সিরাজের ১৩ বছর সাজা হয়। এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
কর ফাঁকির মামলায় শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ এবং ছেলে রাজিব সিরাজ ও পুত্রবধূ ফারজানা খানও সাজাপ্রাপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24